June 26, 2026
রাজ্য

সোমবার বিধানসভায় ইউসিসি বিল, বাংলায় বড় পদক্ষেপের ইঙ্গিত

কলকাতা, ২৬ জুন: পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করার লক্ষ্যে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার অধিবেশনে ‘অভিন্ন দেওয়ানি বিধি ২০২৬’ বিল পেশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিলটি উপস্থাপন করবেন বলে জানা গিয়েছে। বিলটি পাস হলে অসম, উত্তরাখণ্ড ও গোয়ার পর পশ্চিমবঙ্গ হবে দেশের চতুর্থ রাজ্য, যেখানে ইউসিসি কার্যকর হবে।

বিধানসভা সূত্রের খবর, সোমবার মোট পাঁচটি বিল পেশ হওয়ার কথা রয়েছে। তার মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে ইউসিসি বিল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকার রথীন্দ্র বসুর ডাকা কার্যবিবরণী কমিটির বৈঠকে বিলটি চলতি অধিবেশনেই আনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কার্যবিবরণী কমিটির প্রথম বৈঠকে ইউসিসি নিয়ে কোনও আলোচনা হয়নি। পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় পৌঁছনোর পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরপর সন্ধ্যার বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমবারের কার্যসূচির দ্বিতীয় পর্বে বিলটি উপস্থাপন করা হবে।

বিধানসভার টেবিল অফিস সূত্রে খবর, বিলটি নিয়ে আলোচনার জন্য এক ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। আলোচনায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ শাসক ও বিরোধী শিবিরের একাধিক সদস্য অংশ নেবেন। ফলে বিষয়টি নিয়ে বিধানসভায় তুমুল বিতর্কের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে অসম, উত্তরাখণ্ড এবং গোয়ায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর রয়েছে। পশ্চিমবঙ্গে বিলটি বিধানসভায় পাস হয়ে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হলে রাজ্যও সেই তালিকায় যুক্ত হবে।

ব্যক্তিগত আইন, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো বিষয়ে একক আইনি কাঠামো গড়ে তোলাই এই বিলের লক্ষ্য বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ হিসেবে এই বিল বিশেষ তাৎপর্য বহন করছে।

Related posts

Leave a Comment