কলকাতা | ২০ জুন: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় তদন্তে নতুন মোড়। কলকাতা পুলিশের তৎকালীন ডিসি (নর্থ) অভিষেক গুপ্তা এবং তৎকালীন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। শুক্রবার তাঁদের তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে খবর, কয়েক ঘণ্টা ধরে দুই পুলিশ আধিকারিককে জেরা করা হয়েছে। পাশাপাশি মামলার সঙ্গে সম্পর্কিত একাধিক নথিও সংগ্রহ করেছে তদন্তকারীরা। ওই নথিগুলি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।
একইসঙ্গে কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছিল। তবে শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তিনি সিবিআইয়ের সামনে হাজির হননি বলে তদন্তকারী সংস্থার দাবি।
আরজি কর কাণ্ডে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্যের মধ্যে এই তিন পুলিশকর্তার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি কর্তব্যে গাফিলতি এবং প্রমাণ লোপাটের অভিযোগে প্রশাসনিক ও বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে এক চিকিৎসক-পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত আজীবন কারাদণ্ডের সাজা দেয়। তবে সম্প্রতি নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তে একাধিক গাফিলতির অভিযোগ তুলে পুনর্তদন্তের আবেদন জানায় কলকাতা হাইকোর্টে। সেই আবেদনের ভিত্তিতে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে নতুন করে তদন্তের নির্দেশ দেয় আদালত।
