34.7 C
Kolkata
June 14, 2026
দেশ

দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাংলোয় ফের বৈঠক তৃণমূল বিদ্রোহী সাংসদদের, স্পিকারকে চিঠি দেওয়ার প্রস্তুতি

দিল্লি— তৃণমূলের বিদ্রোহী সাংসদরা আবারও এক দফা বৈঠকে বসলেন রাজধানীতে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের ৯, মতিলাল নেহরু মার্গের সরকারি বাংলোয় অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে-ও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পৃথক চিঠি জমা দিতে পারেন বিদ্রোহী সাংসদরা। সেখানে তাঁরা নিজেদের আলাদা ‘ব্লক’ হিসেবে স্বীকৃতি দাবি করবেন এবং সংখ্যাগরিষ্ঠতার বিষয়টিও তুলে ধরবেন বলে জানা যাচ্ছে।

রবিবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল সাংসদ। তাঁদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, মালা রায়, অরূপ চক্রবর্তীর মতো নাম রয়েছে। পাশাপাশি ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) বৈঠকে যোগ দিয়েছেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

বৈঠকে এনডিএ শিবিরের পক্ষ থেকে ভূপেন্দ্র যাদব ও নিশিকান্ত দুবের মতো নেতারা উপস্থিত থেকে রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন বলে জানা যাচ্ছে। স্পিকারকে চিঠি দেওয়ার আগে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিল্লিতে বিদ্রোহী সাংসদদের এই ধারাবাহিক বৈঠক আগেও ভূপেন্দ্র যাদবের বাংলোয় হয়েছে। এর আগে একই স্থানে প্রথম দফার বৈঠক হয়েছিল। মাঝে বিভিন্ন সময়ে এই রাজনৈতিক টানাপড়েনের মধ্যে একাধিক বৈঠক ও যোগাযোগ চলেছে বলে সূত্রের দাবি।

এই পরিস্থিতিতে বিদ্রোহী শিবিরে নতুন করে দুই সাংসদ যুক্ত হয়েছেন কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। কারণ কাকলি ঘোষ দস্তিদার আগেই দাবি করেছিলেন, তাঁদের সঙ্গে প্রায় ২২ জন সাংসদ রয়েছেন।

অন্যদিকে গত শুক্রবার ১৯ জন সাংসদের স্বাক্ষরযুক্ত একটি নথি প্রকাশ্যে আসে, যেখানে তৃণমূলের সংসদীয় দলের একাংশের অবস্থান স্পষ্ট হয়। ফলে সোমবার স্পিকারকে জমা দেওয়া চিঠিতে কারা স্বাক্ষর করছেন, তা নিয়েই এখন রাজনৈতিক কৌতূহল তুঙ্গে।

Related posts

Leave a Comment