34.7 C
Kolkata
June 14, 2026
খেলা

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল, সুইজারল্যান্ডকে রুখে ইতিহাস গড়ল কাতার

সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম— অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে নাটকীয় গোল করে ইতিহাস গড়ল কাতার। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের প্রথম ফিফা বিশ্বকাপ পয়েন্ট অর্জন করল ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক দেশ কাতার|

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সুইজারল্যান্ড। বল দখলে ৬৮ শতাংশেরও বেশি আধিপত্য বজায় রেখে একের পর এক আক্রমণ তৈরি করে তারা। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রিল এমবোলো। কাতারের গোলরক্ষকের ভুলে পেনাল্টি পায় সুইস দল, আর তা ঠান্ডা মাথায় কাজে লাগান এমবোলো।

এরপরও একাধিক সুযোগ তৈরি করে সুইজারল্যান্ড। দান এনদোয়ে একাধিকবার গোলের খুব কাছাকাছি পৌঁছলেও কাতারের গোলরক্ষক এবং ক্রসবার বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে কাতারও শুরুতে সুযোগ তৈরি করেছিল, তবে ফিনিশিংয়ের অভাবে গোল আসেনি।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। গ্রানিত জাকা এবং জোহান মানজাম্বির শটও লক্ষ্যভ্রষ্ট হয়। মনে হচ্ছিল, ১-০ ব্যবধানেই ম্যাচ শেষ করবে সুইজারল্যান্ড।

কিন্তু অতিরিক্ত সময়ে বদলে যায় খেলার ছবি। শেষ মুহূর্তে এল আহমেদের বাড়ানো ক্রস থেকে বুলেটের মতো হেডে গোল করেন বুলেম খৌখি। সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল কিছুই করতে পারেননি। সেই গোলেই ১-১ ব্যবধানে ম্যাচ শেষ হয়।

এই ড্রয়ের ফলে কাতার প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ পয়েন্টের স্বাদ পেল, যা তাদের ফুটবল ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Related posts

Leave a Comment