34.7 C
Kolkata
June 14, 2026
কলকাতা

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের বাকি অংশে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। পুরুলিয়াতেও অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে সেখানে বর্ষা ঢুকে পড়তে পারে। এরপর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলিতে বুধবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদিয়ায় টানা বুধবার পর্যন্ত বৃষ্টি ও বজ্রঝড় চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত প্রায় প্রতিদিনই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বিকেলে পুরুলিয়ার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হয়েছে। আপাতত সমুদ্র এলাকায় কোনও সতর্কতা জারি করা হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, অনুকূল আবহাওয়ার কারণে আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশার কিছু অংশেও বর্ষা প্রবেশ করতে পারে। পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর জেরেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। আগামী মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন পাঁচ জেলায় আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আগামী সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, ঝড়বৃষ্টির প্রভাবে আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। আগামী সাত দিন তাপমাত্রা প্রায় একই থাকবে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি।

Related posts

Leave a Comment