বিধাননগর: তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে রবিবার তাঁর পুরনো ওয়ার্ড অফিসে নিয়ে গিয়ে তল্লাশি চালাল পুলিশ। তল্লাশি শেষে দফতর থেকে বেরিয়ে আসার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত তাঁকে পুলিশের গাড়িতে তুলে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ সব্যসাচীকে নিয়ে ৩১ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে পৌঁছয় তদন্তকারী দল। একসময় ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। তাঁর উপস্থিতিতেই দফতরে তল্লাশি চালানো হয়। সেই সময় অফিসের বাইরে কয়েক জন স্থানীয় বাসিন্দা ও কৌতূহলী মানুষের ভিড় জমে। তল্লাশি শেষে সব্যসাচী বেরোতেই তাঁর দিকে ডিম ছোড়া হয় বলে অভিযোগ।
এর আগেও আদালতে নিয়ে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। গত মঙ্গলবার আদালতে পেশ করার সময় পুলিশ ভ্যানে তোলার মুহূর্তে বিক্ষোভকারীরা ডিম ও গোবর ছুড়েছিল বলে অভিযোগ ওঠে।
সল্টলেকের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই সব্যসাচীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ, ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল এবং হুমকিও দেওয়া হয়। সেই অভিযোগের তদন্তে নেমে সোমবার রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে অভিযান চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সব্যসাচী দত্ত। তবে তিনি পরাজিত হন বিজেপি প্রার্থীর কাছে। বর্তমানে তোলাবাজি ও হুমকির অভিযোগে পুলিশি তদন্তের মুখে রয়েছেন তৃণমূলের এই নেতা।
