নয়াদিল্লি, ২৬ মে — পশ্চিম এশিয়ার সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে ভারতীয় অর্থনীতির উপর চাপ বাড়ছে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিশেষ করে অপরিশোধিত তেল, সার এবং সোনার দাম বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার ব্যয়ের উপর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈদেশিক মুদ্রা সংরক্ষণের আহ্বানকে সমর্থন করে নির্মলা বলেন, বর্তমান পরিস্থিতিতে ‘তিন এফ’— ফুয়েল, ফার্টিলাইজ়ার এবং ফরেক্স— এর উপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
অর্থমন্ত্রীর বক্তব্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত ওঠানামা করছে। একই সঙ্গে সারের দাম এবং সোনার মূল্যও অস্বাভাবিক হারে বেড়েছে। এই সমস্ত পণ্যের আমদানির জন্য বৈদেশিক মুদ্রাতেই মূল্য পরিশোধ করতে হয়। ফলে দেশের বৈদেশিক মুদ্রার উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পক্ষেত্র বা MSME-গুলিও দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার কারণে সমস্যার মুখে পড়ছে। ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করাও কঠিন হয়ে উঠছে। তবে ভারতীয় অর্থনীতি এখনও স্থিতিশীল এবং ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে বলেও দাবি করেছেন নির্মলা।
অর্থমন্ত্রীর কথায়, “ভয় বা আতঙ্ক ছড়ানো চলবে না। মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে আমাদের কথায় এবং কাজে।”
কেন্দ্রের তরফে নেওয়া পদক্ষেপগুলিও ‘পরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ’ বলে দাবি করেছেন তিনি। বিশেষ করে MSME, রফতানিকারক সংস্থা এবং কার্যকরী মূলধনের চাপে থাকা ক্ষেত্রগুলিকে সহায়তা করার উপর জোর দেওয়া হয়েছে বলে জানান নির্মলা।
এদিকে আন্তর্জাতিক বাজারে সোমবার অপরিশোধিত তেলের দামে কিছুটা পতন দেখা গিয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেল প্রতি ১০০ ডলারের নীচে নেমে এসেছে। একই ভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI)-এর দামও উল্লেখযোগ্য ভাবে কমেছে।
