মুম্বই, ২৬ মে — নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর এবার একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দর্শকদের সামনে আসতে চলেছেন। আসন্ন ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এ তাঁকে দেখা যাবে কলকাতা পুলিশের এক জটিল ও মানসিক ভাবে বিধ্বস্ত অফিসারের ভূমিকায়। জি স্টুডিয়োজ় প্রযোজিত এই নয়া নোয়ার-ড্রামা সিরিজ পরিচালনা করেছেন ‘দিল্লি বেলি’ খ্যাত পরিচালক অভিনয় দেও।
অভীক বড়ুয়ার ২০১৬ সালের উপন্যাস ‘সিটি অফ ডেথ’-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিরিজটি। গল্পের কেন্দ্রীয় চরিত্র রিটা ব্রাউন — কলকাতা পুলিশের এক দক্ষ তদন্তকারী অফিসার, যিনি একই সঙ্গে অতীতের ট্রমা ও মদ্যপানের আসক্তির সঙ্গে লড়াই করছেন। শহরের প্রভাবশালী অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্য রিটা এক তরুণীর খুনের তদন্তে নামেন। তদন্ত চলাকালীন তাঁর সঙ্গী হন অর্জুন সিনহা নামে এক ব্যক্তি, যিনি ব্যক্তিগত ট্র্যাজেডির ভার বহন করছেন।
সিরিজে দুর্নীতি, মানসিক অবসাদ, আসক্তি এবং মানুষের মুখোশের আড়ালের বাস্তবকে তুলে ধরা হয়েছে। নির্মাতাদের দাবি, এটি শুধুমাত্র একটি অপরাধমূলক কাহিনি নয়, বরং মানবিক সম্পর্ক ও মানসিক অন্ধকারেরও গল্প।
করিশ্মা জানিয়েছেন, এই চরিত্র তাঁর কেরিয়ারের অন্য সব কাজের থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণত ভারতীয় সিনেমায় অতীতের অন্ধকারে তাড়া খাওয়া বা মদ্যপ পুলিশ অফিসারের চরিত্র পুরুষ অভিনেতাদেরই করতে দেখা যায়। সেই জায়গায় একজন মহিলা চরিত্রকে কেন্দ্র করে এমন গল্প তৈরি হওয়ায় তিনি চ্যালেঞ্জ নিতে আগ্রহী হন।
রিটা ব্রাউনের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে করিশ্মা মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। পাশাপাশি বাংলা ভাষাও শিখেছেন তিনি। অভিনেত্রীর কথায়, এই সিরিজ তাঁকে অভিনয়ের ক্ষেত্রে স্বস্তির গণ্ডি থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করেছে।
ব্রাউন’-এ করিশ্মার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সূর্য শর্মা ও সোনি রাজদান। দীর্ঘ বিরতির পর এই সিরিজের মাধ্যমে পর্দায় ফিরছেন প্রবীণ অভিনেত্রী হেলেনও।
বিশেষ ভাবে উল্লেখযোগ্য, ‘ব্রাউন’ একমাত্র ভারতীয় ওয়েব সিরিজ হিসেবে বার্লিন সিরিজ় মার্কেট সিলেক্টস প্ল্যাটফর্মে জায়গা করে নিয়েছে। জি স্টুডিয়োজ়ের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানের কনটেন্ট তৈরির লক্ষ্যেই এই সিরিজ নির্মাণ করা হয়েছে।
এর আগে ২০২০ সালে ‘মেন্টালহুড’ সিরিজের মাধ্যমে ওটিটিতে আত্মপ্রকাশ করেছিলেন করিশ্মা। ‘ব্রাউন’ তাঁর দ্বিতীয় ওটিটি প্রজেক্ট। খুব শীঘ্রই সিরিজটি ZEE5-এ মুক্তি পাবে।
