35 C
Kolkata
May 19, 2026
রাজ্য

চন্দ্রনাথ রথ খুনে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি, উত্তরপ্রদেশ থেকে ধরা ‘শুটার’ রাজকুমার

কলকাতা — শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে বড় পদক্ষেপ করল সিবিআই। এই মামলায় চতুর্থ অভিযুক্ত হিসেবে উত্তরপ্রদেশের বাসিন্দা রাজকুমার সিংহকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তভার হাতে নেওয়ার পর এটাই সিবিআইয়ের প্রথম গ্রেফতারি।

সোমবার উত্তরপ্রদেশের ছাপ্পর এলাকায় দিল্লি হাইওয়ের একটি টোল প্লাজার কাছে রাজকুমারকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তদন্তকারীদের দাবি, ধৃত রাজকুমার এই খুনের ঘটনায় জড়িত ‘শুটার’দের অন্যতম। খুনের রাতে তিনিও গুলি চালিয়েছিলেন বলে সন্দেহ গোয়েন্দাদের।

চন্দ্রনাথ রথ খুন মামলায় এর আগে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে আরও তিন জনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। ধৃতদের মধ্যে রয়েছে বিশাল শ্রীবাস্তব, রাজ সিংহ এবং ময়ঙ্ক মিশ্র। চার জনই ভিন্‌রাজ্যের বাসিন্দা।

তদন্ত সূত্রে খবর, ধৃতদের জেরা করেই রাজকুমারের হদিশ মেলে। বিশেষ করে বালিয়া থেকে ধরা পড়া রাজ সিংহের সঙ্গে তাঁর যোগসূত্র সামনে আসে। এরপর প্রায় এক সপ্তাহ ধরে দিল্লি এবং ফরিদাবাদের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় সিবিআইয়ের বিশেষ দল।

মুজফ্‌ফরনগরের পুলিশ সুপার সঞ্জয় বর্মা জানিয়েছেন, ফরিদাবাদ থেকে পালিয়ে হরিদ্বারের দিকে যাচ্ছিল অভিযুক্ত। সিবিআইয়ের অনুরোধে উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে ছাপ্পর টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়।

সিবিআই সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ট্রানজিট রিমান্ডে রাজকুমারকে বারাসত আদালতে তোলা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের একটি জায়গা থেকে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল।

গোয়েন্দাদের আশা, রাজকুমারকে জেরা করলেই খুনের নেপথ্যের মূল চক্রী এবং গোটা চক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

Related posts

Leave a Comment