28 C
Kolkata
May 12, 2026
রাজ্য

তিলজলার অগ্নিকাণ্ডে এফআইআর-এর নির্দেশ রাজ্যের, তদন্তে বিশেষ কমিটি

সংবাদ কলকাতা: পূর্ব কলকাতার তিলজলা এলাকায় বহুতলে আগুন লেগে দু’জনের মৃত্যু। এই ঘটনায় কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। কলকাতা পুলিশকে অবিলম্বে নির্দিষ্ট এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে বিশেষ দপ্তরীয় কমিটিও গঠন করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তিলজলার অগ্নিকাণ্ডে প্রাণহানি এবং সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ করতে হবে। সেই কারণেই কলকাতা পুলিশকে অবিলম্বে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগুন লাগার কারণ, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবনের নথিপত্র খতিয়ে দেখতে বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে সেই কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে তিলজলার জি জে খান রোডের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় আচমকাই আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

সেই সময় ঘরের ভিতরে সাতজন আটকে ছিলেন বলে জানা গিয়েছে। প্রাণ বাঁচাতে তাঁরা বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু ঘন কালো ধোঁয়ায় সেখানে শ্বাসকষ্টের পরিস্থিতি তৈরি হয়। দমকল কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় সকলকে উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।

দমকল সূত্রে খবর, অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টেই দু’জনের মৃত্যু হয়েছে। আহত পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Related posts

Leave a Comment