28 C
Kolkata
May 9, 2026
রাজ্য

দুর্গা থেকে ঝালমুড়ি, ব্রিগেডে বাঙালিয়ানার ছোঁয়ায় শুভেন্দুর শপথ অনুষ্ঠান

সংবাদ কলকাতা: বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে শনিবার সকাল থেকেই উৎসবের আবহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি গোটা অনুষ্ঠান জুড়ে তুলে ধরা হয়েছে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারের সম্ভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে ঐতিহাসিক এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।

বিজেপির এক শীর্ষ নেতা জানান, বহুদিন ধরেই বিরোধীরা অভিযোগ তুলতেন বিজেপি নাকি বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত নয়। সেই ধারণা ভাঙতেই এবারের আয়োজনের প্রতিটি অংশে রাখা হয়েছে বাংলার নিজস্ব সংস্কৃতির ছাপ।

মূল মঞ্চে বিশাল দুর্গামূর্তি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বিশেষভাবে নজর কাড়ে। পাশাপাশি বাংলার বিভিন্ন কৃতী ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক আইকনের লাইফসাইজ প্রতিকৃতিতেও সাজানো হয়েছে মঞ্চ চত্বর। মাঠজুড়ে ছিল বাঙালি খাবারের একাধিক স্টল। সেখানে ঝালমুড়ি, রসগোল্লা, সীতাভোগ, মিহিদানা, সন্দেশ-সহ নানা জনপ্রিয় খাবারের আয়োজন করা হয়।

শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাও ছিল অত্যন্ত কড়া। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ নিজে অনুষ্ঠানস্থলে ঘুরে নিরাপত্তা এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

তবে সকাল থেকেই আয়োজকদের সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল আবহাওয়া। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতির মধ্যে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। ব্রিগেডের বিভিন্ন অংশে কাদা এবং জল জমে থাকলেও অনুষ্ঠান শুরুর সময় পর্যন্ত আবহাওয়া অনুকূলই ছিল।

বিজেপি নেতৃত্ব অবশ্য আবহাওয়া নিয়ে আশাবাদী ছিল। দলের এক নেতা মজা করে বলেন, ‘চিন্তার কিছু নেই, বরুণদেবের সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্নেই হবে।’

আয়োজকদের দাবি, অন্তত ৫০ হাজার মানুষের সমাগম হয়েছে ব্রিগেডে। মূল মঞ্চের সামনে তৈরি করা হয়েছে তিনটি বিশাল হ্যাঙ্গার এবং বসানো হয়েছে ৩০ হাজারেরও বেশি চেয়ার।

Related posts

Leave a Comment