28 C
Kolkata
May 9, 2026
রাজ্য

বাংলায় প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর, ব্রিগেডে উপস্থিত মোদী-শাহ

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্ব।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। শপথের পর মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় নতুন মুখ্যমন্ত্রীকে। শুভেন্দুর শপথের পর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামানিক, শান্তিরাম টুডু সহ অন্যান্য বিধায়করা।

রাজনৈতিক মহলের মতে, বাংলার রাজনীতিতে এই শপথ অনুষ্ঠান একটি ঐতিহাসিক মোড়। স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হল। বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের যুগ শুরু হল বাংলায়।

শুভেন্দু অধিকারী শপথের আগে থেকেই দাবি করে আসছিলেন, তাঁর সরকার উন্নয়ন, কর্মসংস্থান, শিল্প এবং শান্তিকে সর্বাধিক গুরুত্ব দেবে। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, সরকার চলবে ‘সম্মিলিত নেতৃত্বে’।

আজকের অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণ করতে দেখা যায়। তবে রাজনৈতিক মহলের নজর ছিল মূলত শুভেন্দু অধিকারীর শপথ এবং বিজেপির শক্তি প্রদর্শনের দিকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নন্দীগ্রাম থেকে শুরু করে ভবানীপুর— একের পর এক গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে জয় পেয়েই বাংলায় বিজেপির প্রধান মুখ হয়ে উঠেছেন শুভেন্দু। তাঁর শপথের মধ্য দিয়ে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের আনুষ্ঠানিক সূচনা হল।

অনুষ্ঠান ঘিরে ব্রিগেড এবং তার আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে।

Related posts

Leave a Comment