দ্বিতীয় দফার ভোটের আগে প্রচার শেষের দিনে বাংলার মানুষের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী Narendra Modi। তিনি বলেন, এই নির্বাচনী প্রচারে বাংলা তাঁকে নতুন শক্তি দিয়েছে এবং রাজ্যের মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর অঙ্গীকার।
এক অডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, তীব্র গরমের মধ্যেও প্রচারের সময় তিনি কোনও ক্লান্তি অনুভব করেননি। বরং প্রতিটি সভা ও রোডশো তাঁর কাছে তীর্থযাত্রার মতো মনে হয়েছে। মা কালীর ভক্তদের মাঝে থাকলেই তিনি নতুন উদ্যম পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে বলেন, সেই সময় যেমন তিনি আধ্যাত্মিক শক্তি অনুভব করেছিলেন, তেমনই এবারের নির্বাচনী প্রচারেও বাংলার মাটিতে এসে একই অনুভূতি পেয়েছেন।
Narendra Modi দাবি করেন, বাংলার যুব সমাজ, মহিলা ও কৃষকরা উন্নয়ন চাইছেন এবং পরিবর্তনের পক্ষে দৃঢ় সংকল্পবদ্ধ। মানুষের মধ্যে ভয় নয়, বিশ্বাসের পরিবেশ তৈরি করার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাংলার মানুষের সেবা করা ও রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর দায়িত্ব এবং সেই দায়িত্ব পালন থেকে তিনি পিছিয়ে যাবেন না। পাশাপাশি দ্বিতীয় দফার ভোটে রেকর্ড সংখ্যক মানুষকে ভোটদানের আহ্বান জানান তিনি এবং ফল প্রকাশের পর বিজেপির সরকার গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
