29 C
Kolkata
March 9, 2026
খেলা

ইতিহাস গড়ল ভারত, নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় টি২০ বিশ্বকাপ জয়

আহমেদাবাদ: ইতিহাস সৃষ্টি করল ভারত। টি২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতল ভারতীয় দল। একই সঙ্গে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার এই ট্রফি জয়ের কৃতিত্বও অর্জন করল তারা। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় ৮৬ হাজারেরও বেশি দর্শকের সামনে এই ঐতিহাসিক জয় তুলে নেয় ভারত।

অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স দেখায় পুরো টুর্নামেন্ট জুড়েই। ২০২৪ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনও সিরিজ না হারানোর নজিরও গড়েছেন তিনি। পুরুষদের ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়কদের তালিকায় তিনি হলেন চতুর্থ নাম।

ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে তোলে বিশাল ২৫৫ রান। চলতি টুর্নামেন্টে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এবং বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় দলীয় রান। এই বিশাল সংগ্রহের ভিত্তি গড়ে দেন সঞ্জু স্যামসন। মাত্র ৪৬ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল পাঁচটি চার ও আটটি ছক্কা।

সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেনিং জুটিতে ৯৮ রান যোগ করেন অভিষেক শর্মা। মাত্র ২১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এরপর ঈশান কিষাণও ২৫ বলে ৫৪ রান করে দলের রান পাহাড়প্রমাণ করে দেন। যদিও এক ওভারে তিনটি উইকেট তুলে কিছুটা চাপ তৈরি করেছিলেন নিউজিল্যান্ডের জেমস নিশাম, তবে শেষ দিকে শিবম দুবের ৮ বলে অপরাজিত ২৬ রানে ভারত ২৫০ পেরিয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। জসপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেলের দাপটে পাওয়ারপ্লের মধ্যেই চাপে পড়ে কিউইরা। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। বুমরাহ নেন ৪টি উইকেট, অক্ষর প্যাটেল পান ৩টি।

এই জয়ের ফলে দুটি দীর্ঘ প্রতীক্ষার অবসানও ঘটায় ভারত—টি২০ বিশ্বকাপে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো এবং আহমেদাবাদে সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টের হতাশা কাটিয়ে ওঠা।

Related posts

Leave a Comment