নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : — নাগরিক পরিষেবা দ্রুত সম্পন্ন করা এবং সাধারণ মানুষের কাছে সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিল্লি সরকার মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (এমসিডি)-র কমিশনারের আর্থিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। শনিবার এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এতদিন যেখানে এমসিডি কমিশনারের প্রকল্প অনুমোদনের ক্ষমতা ছিল সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত, সেখানে এখন সেই ক্ষমতা বাড়িয়ে ৫০ কোটি টাকা করা হয়েছে।
এই প্রশাসনিক সিদ্ধান্তের ফলে উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন থেকে বাস্তবায়নের মধ্যে সময় কমবে এবং কাজের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫০ কোটি টাকা পর্যন্ত যে কোনও প্রকল্প বা স্কিম এমসিডি কমিশনার নিজ স্তরেই অনুমোদন করতে পারবেন।দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, এই পদক্ষেপ সুশাসন, প্রশাসনিক দক্ষতা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে দিল্লি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। এর ফলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত হবে এবং গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবার কাজ সময়মতো সম্পন্ন করা সম্ভব হবে।
এতদিন ৫ কোটি টাকার বেশি প্রকল্প হলে তা প্রথমে কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটি এবং পরে কর্পোরেশন হাউসের অনুমোদনের জন্য যেতে হত। এই বহুস্তরীয় প্রক্রিয়ার কারণে প্রায়ই উন্নয়নমূলক কাজে অপ্রয়োজনীয় বিলম্ব হতো। নতুন আর্থিক ক্ষমতা বৃদ্ধির ফলে এই জটিলতা অনেকটাই কমবে বলে জানানো হয়েছে।সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রাস্তা, নিকাশি, স্যানিটেশন, কমিউনিটি সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় নাগরিক পরিষেবা সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পগুলিও দ্রুত বাস্তবায়িত হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমবে।
এর আগে, ৩০ জানুয়ারি দিল্লি সরকার রাজধানীকে পরিষ্কার, স্বাস্থ্যকর ও ধুলোমুক্ত করতে এমসিডি-কে এককালীন ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদন করেছিল। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, এই অর্থ স্যানিটেশন কাজ, ছোট রাস্তা মেরামত, গর্ত ভরাট এবং ধুলো দূষণ কমানোর কাজে ব্যবহার করা হবে।
