নয়াদিল্লি: ভারতের ইতিহাসে একটানা সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকার নতুন নজির গড়লেন নরেন্দ্র মোদী। বুধবার টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেন তিনি। এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা আসতে শুরু করেছে। তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প মোদীকে অভিনন্দন জানিয়ে লেখেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন। তিনি সত্যিই একজন মহান নেতা। একইসঙ্গে শক্তিশালী, সুস্থ ও জ্ঞানী। তাঁর সামনে আরও বহু বছরের সাফল্য ও কৃতিত্ব অপেক্ষা করছে।”
ট্রাম্পের শুভেচ্ছার জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছেন, “আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং বিশ্বের কল্যাণে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।”
২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোদী। এরপর ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভাzনির্বাচনেও জয়ী হয়ে টানা তৃতীয়বার দেশের নেতৃত্বে রয়েছেন তিনি। সেই ধারাবাহিকতাতেই বুধবার তিনি একটানা প্রধানমন্ত্রিত্বের নিরিখে নতুন ইতিহাস গড়েন।
চলতি বছরে একাধিকবার মোদী ও ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে। বাণিজ্য, শুল্কনীতি, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রয়েছে। ট্রাম্প ছাড়াও ইজরায়েলের প্রধানমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর এবং কানাডার প্রধানমন্ত্রীর মতো একাধিক বিশ্বনেতা মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে এই ঐতিহাসিক মুহূর্তে দেশের শক্তিক্ষেত্রে স্বনির্ভরতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন বাড়িয়ে ৫০০ গিগাওয়াট ক্ষমতা অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি।
