29.1 C
Kolkata
June 21, 2026
কলকাতা

বাবা-মা বিজেপি করে এই অপরাধে মিলবে না কন্যাশ্রী, ফতোয়া স্কুলের

জলপাইগুড়ি: বাবা-মা বিজেপিকে ভোট দেয় এই অপরাধে মিলবে না কন্যাশ্রী! এমনই অভিযোগ স্কুলের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। স্কুলে কন্যাশ্রীর ফরম ফিলাপ এবং স্কুলের বিভিন্ন কাজে সাহায্য করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন এলাকারই এক তৃণমূল নেতা। এমনই সব অভিযোগে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের ঘরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী উচ্চ বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, দশম শ্রেণির ছাত্রী টুম্পা হাজরা স্কুলে কন্যাশ্রীর ফর্ম চাইতে গেলেই এলাকার তৃণমূল নেতা তথা প্রধান শিক্ষকের কথা অনুযায়ী, ক্যাজুয়াল স্টাফ রামেশ্বর রায় বলেন, “তোমার বাবা-মা বিজেপিকে ভোট দিয়েছে। তুমি কন্যাশ্রী পাবে না।” অন্যদিকে এই ঘটনা চাউর হতেই টুম্পা হাজরার মা ও বেশ কিছু ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন ও বিক্ষোভ দেখান। তাঁরা জানতে চান, কেন বিজেপি করার অপরাধে কন্যাশ্রী পাবে না স্কুলের ছাত্রী?

প্রধান শিক্ষক দীনেশ সিনহা টেলিফোনে জানান, পাশের এলাকার তৃণমূল নেতা রামেশ্বর রায় কন্যাশ্রীর ফর্ম ফিলাপ সহ আরও বেশ কিছু ক্ষেত্রে স্কুলের কাজে সাহায্য করেন। কিন্তু, তাই বলে তিনি এভাবে স্কুলের মধ্যে রাজনীতিকে জড়িয়ে দেবেন এটা কাম্য নয়।

প্রশ্ন উঠছে কী করে বাইরের লোক নিয়ে সরকারি স্কুলের কাজ করেন? শাসক দলের নেতা বলে কি সব সম্ভব? তবে এধরণের ঘটনায় বিজেপি নেতা শ্যাম প্রসাদ তীব্র কটাক্ষ করেন। পাল্টা তৃণমূল নেতা নিতাই করের সাফাই, বিজেপির অভিযোগ মিথ্যা। যদিও এধরনের ঘটনা দল কোনওভাবে মেনে নেবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দলমত নির্বিশেষে সকলেরই প্রাপ্য। তবে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই রামেশ্বর রায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুরো ঘটনাটি মিথ্যা। এধরনের কোনও ঘটনাই ঘটেনি। আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হয়েছে।

Related posts

Leave a Comment