September 7, 2026
Uncategorized

রাইটার্স বিল্ডিং সংস্কারে আদানি গোষ্ঠীর প্রস্তাব! সরেজমিনে ঐতিহাসিক ভবন পরিদর্শন

সংবাদ কলকাতা: নিউটাউনে অত্যাধুনিক হাসপাতাল তৈরির উদ্যোগের পর এবার ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং সংস্কারের প্রস্তাব দিয়েছে আদানি গোষ্ঠী। সূত্রের খবর, মহাকরণের পরিকাঠামো ও বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে আদানি গোষ্ঠীর একটি প্রতিনিধিদল পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার-সহ কয়েকজন পদস্থ আধিকারিকের সঙ্গে রাইটার্স বিল্ডিং পরিদর্শন করেছে। তবে এই বিষয়ে এখনও রাজ্য সরকারের তরফে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

জানা গিয়েছে, ঐতিহাসিক ভবনটির বর্তমান অবস্থা সরেজমিনে খতিয়ে দেখেছেন প্রতিনিধিদলের সদস্যরা। কোথায় কাঠামোগত সমস্যা রয়েছে, ভবনের কোন অংশে সংস্কারের প্রয়োজন এবং কীভাবে সংরক্ষণ করা সম্ভব—এই সমস্ত বিষয় নিয়ে প্রাথমিক সমীক্ষা হয়েছে বলে সূত্রের খবর। সমীক্ষার ভিত্তিতে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হতে পারে।

ইটার্স বিল্ডিং শুধু একটি পুরনো সরকারি ভবন নয়, কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ হেরিটেজ স্থাপত্য। দীর্ঘদিন ধরে এই ভবন থেকেই পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়েছে। স্বাধীনতার পর কংগ্রেস সরকার এবং পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকারও রাইটার্স বিল্ডিং থেকেই রাজ্য পরিচালনা করেছে। পরে নবান্নে প্রশাসনিক কেন্দ্র সরিয়ে নেওয়া হয়।

বিজেপি ক্ষমতায় এলে রাইটার্স বিল্ডিং থেকেই রাজ্য সরকার পরিচালনার কথা বলা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়ায় বর্তমানে নবান্ন থেকেই প্রশাসনিক কাজকর্ম চলছে। সেই পরিস্থিতিতে এবার মহাকরণের সংস্কারের প্রস্তাব ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


তবে হেরিটেজ ভবন হওয়ায় রাইটার্স বিল্ডিং সংস্কারের কাজ অত্যন্ত সংবেদনশীল। ভবনটির ঐতিহাসিক চরিত্র, পুরনো স্থাপত্যশৈলী এবং কাঠামোগত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই সংস্কার করতে হবে। ফলে কোনও ধরনের কাজ শুরুর আগে প্রয়োজনীয় সরকারি অনুমোদনের পাশাপাশি হেরিটেজ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার প্রয়োজন হবে। আদানি গোষ্ঠীর প্রস্তাব গৃহীত হলে সেই সমস্ত নিয়ম মেনেই সংস্কারের কাজ এগোবে বলে সূত্রের খবর।

রাইটার্স বিল্ডিংয়ের ইতিহাসও দীর্ঘ। ১৭৭৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির করণিক বা ‘রাইটারদের’ দপ্তর হিসেবে ভবনটির নির্মাণ শুরু হয়। স্থপতি টমাস লায়নের নকশায় তৈরি এই ভবনকে কলকাতার প্রথম দিকের গুরুত্বপূর্ণ তিনতলা স্থাপত্যগুলির অন্যতম বলে মনে করা হয়। সময়ের সঙ্গে ভবনটির প্রশাসনিক গুরুত্ব যেমন বেড়েছে, তেমনই শহরের ইতিহাসের সঙ্গেও এর সম্পর্ক আরও গভীর হয়েছে।

তবে দীর্ঘদিন ধরে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সমস্যায় ভবনটির বিভিন্ন অংশের অবস্থা খারাপ হয়েছে। সেই কারণে রাইটার্স বিল্ডিংকে নতুন করে সংরক্ষণ ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। এবার সেই কাজের জন্য আদানি গোষ্ঠীর তরফে প্রস্তাব আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

সূত্রের দাবি, আগামী ২৪ সেপ্টেম্বর বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। ওই সময়ে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি নিজে এই বিষয়ে কোনও ঘোষণা করতে পারেন বলে খবর। যদিও এখনও পর্যন্ত আদানি গোষ্ঠী বা রাজ্য সরকারের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

অন্যদিকে, নিউটাউনে অত্যাধুনিক হাসপাতাল তৈরির উদ্যোগের কথাও আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সাধারণ মানুষ যাতে তুলনামূলক সুলভে চিকিৎসা পরিষেবা পান, সেই লক্ষ্যেই আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা যুক্ত করার কথা বলা হয়েছিল। সেই উদ্যোগের পর রাইটার্স বিল্ডিং সংস্কারের প্রস্তাব সামনে আসায় রাজ্য ও আদানি গোষ্ঠীর সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Related posts

Leave a Comment