মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ২০২৬ ফিফা পুরুষদের বিশ্বকাপ। ফুটবল, সংগীত, আলো ও সংস্কৃতির দুর্দান্ত মেলবন্ধনে মুগ্ধ হলেন হাজার হাজার দর্শক এবং বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্যানিশ অভিনেত্রী সালমা হায়েক এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন এবং দর্শকদের সামনে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করেন। সেই মুহূর্তে গর্জে ওঠে আজটেকা স্টেডিয়াম।
উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়। বিশ্বকাপের সরকারি সংগীত ‘দাই দাই’ পরিবেশন করে তাঁরা দর্শকদের উন্মাদনায় ভাসিয়ে দেন। আলো, নৃত্য ও সংগীতের বর্ণিল আয়োজনে মুহূর্তেই উৎসবের রূপ নেয় গোটা স্টেডিয়াম।
ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে থেকেই শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোর ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে একাধিক নৃত্য ও ভিজ্যুয়াল পরিবেশনা করা হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সমর্থকেরা নিজেদের দেশের পতাকা উড়িয়ে উৎসবে শামিল হন।
আজটেকা স্টেডিয়ামকে ঘিরে ছিল বিশেষ আবেগও। ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহাসিক এই ভেন্যু এবার নজির গড়ে বিশ্বকাপের তিনটি পৃথক আসরে ম্যাচ আয়োজন করা প্রথম স্টেডিয়াম হয়ে উঠল। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপেও ম্যাচ হয়েছিল এখানে।
এই মাঠেই ১৯৭০ সালে পেলে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন। আবার ১৯৮৬ সালে ডিয়েগো মারাদোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর স্মৃতি গড়েছিলেন এই স্টেডিয়ামে। চার দশক পর আবারও বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে ফিরল আজটেকা।
জমকালো উদ্বোধনের পর মাঠে নামে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়া ম্যাচ।
