সংবাদ কলকাতা: শুক্রবার ধুমধাম করে পালিত হবে রাখিবন্ধন উৎসব। রাজ্যজুড়ে উৎসব আয়োজনের জন্য প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হবে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি।
সরকারি হিসাব অনুযায়ী, শুধু রাখি কেনার জন্য বরাদ্দ হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা। রাজ্যের ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতে উৎসব আয়োজনের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়াও ৩৪৫টি ব্লকে রাখিবন্ধন পালনের জন্য খরচ হবে ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা।

রাজ্যের ২২টি জেলা সদর দপ্তরের জন্য বরাদ্দ হয়েছে ২২ লক্ষ টাকা। ৪৫টি মহকুমার জন্য বরাদ্দ ১১ লক্ষ ২৫ হাজার টাকা। ১২১টি পুরসভার জন্য ১ কোটি ২১ লক্ষ টাকা এবং ছ’টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ৬ লক্ষ টাকা রাখা হয়েছে।
কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডে উৎসব পালনের জন্য বরাদ্দ হয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। পাশাপাশি জিটিএ এবং কলকাতা পুরনিগমের রাজ্যস্তরের অনুষ্ঠানের জন্য ১ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা নাগাদ নজরুল মঞ্চে রাজ্যস্তরের রাখিবন্ধন উৎসব পালিত হবে। অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার পড়ুয়ার উপস্থিত থাকার কথা। কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। যাদবপুরে আয়োজিত একটি রাখিবন্ধন অনুষ্ঠানেও তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

রাজ্যে পালাবদলের পর এই প্রথম নতুন সরকারের আমলে রাখিবন্ধন উৎসব পালিত হতে চলেছে। সরকারের তরফে জানানো হয়েছে, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং জাতীয়তাবোধের বন্ধন আরও দৃঢ় করাই এবারের উৎসবের মূল লক্ষ্য।
