নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে স্নাতকস্তরের মেধাবী ছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে রাজ্যের ৫০ হাজার মেধাবী ছাত্রীকে স্কুটার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানা গিয়েছে।
লখনউয়ে একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, শুধু স্কুটার দেওয়াই নয়, বয়স্ক মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার ব্যবস্থাও করা হবে। কলেজে যাতায়াত থেকে শুরু করে পড়াশোনার পাশাপাশি টিউশনে যাওয়ার ক্ষেত্রেও মেধাবী ছাত্রীরা এই সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

প্রতিদিন বাস, অটো কিংবা অন্যান্য গণপরিবহণের উপর নির্ভর করে কলেজে যাতায়াত করতে হয় বহু ছাত্রীকে। ফলে তাঁদের যাতায়াতের সমস্যা কিছুটা কমাতেই এই উদ্যোগ বলে সরকারের তরফে জানানো হয়েছে। রাখি উৎসবের আবহে ঘোষণাটি সামনে আসায় অনেকে এটিকে ছাত্রীদের জন্য বিশেষ উপহার হিসেবেও দেখছেন।
এর আগে রাখি উপলক্ষে উত্তরপ্রদেশের মহিলাদের জন্য দু’দিন বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা করেছিলেন যোগী। এছাড়াও মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনার কথা সামনে এসেছে। সেই অর্থের একটি অংশ নির্বাচনের আগে এবং বাকি অংশ নির্বাচনের পরে দেওয়ার কথা বলা হয়েছে।

যোগী সরকারের এই ঘোষণার পর পাল্টা বার্তা দিয়েছে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। দলের নেতা অখিলেশ যাদব এবং তাঁর স্ত্রী ডিম্পল যাদব জানিয়েছেন, সমাজবাদী পার্টি সরকার গঠন করতে পারলে মহিলাদের বছরে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে।
ফলে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে মহিলা ভোটারদের লক্ষ্য করে একের পর এক ঘোষণা ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। মেধাবী ছাত্রীদের জন্য স্কুটার প্রকল্প কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর।
