কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার ফিল্ড লেভেল থেকে এক্সটেনশন অফিসার পদ পর্যন্ত কর্মীদের বদলির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে। মুখ্য সচিবের জারি করা এই নির্দেশিকা অনুযায়ী, সাধারণ নিয়মে কোনও কর্মীকে তাঁর নিজের হোম জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে অবসরের আগে শেষ দুই বছরে প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী এই নিয়মে ছাড় দেওয়া যেতে পারে।
নতুন নীতিতে বলা হয়েছে, একই পদে কোনও কর্মী টানা তিন বছর কাজ করলে তাঁকে বদলি করা হবে এবং চার বছরের বেশি একই পদে রাখা যাবে না। রাজস্ব আদায়, কর সংগ্রহ বা অন্যান্য সংবেদনশীল দায়িত্বে থাকা কর্মীদের ক্ষেত্রে আরও কড়া নিয়ম প্রযোজ্য। সেখানে দুই বছর পর বদলি এবং কোনও অবস্থাতেই তিন বছরের বেশি এক জায়গায় রাখা হবে না।
বদলির ক্ষেত্রে প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ এবং সংশ্লিষ্ট জেলার চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে বিশেষ জরুরি পরিস্থিতি বা প্রশাসনিক প্রয়োজনে নিয়মে ব্যতিক্রম করার ক্ষমতা রাজ্য সরকারের হাতেই থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য পুলিশেও বড় রদবদল করা হয়েছে। সিআইডি, এসটিএফ, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং দার্জিলিং জেলার পুলিশ সুপার-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ ও বদলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
previous post
