28.9 C
Kolkata
July 15, 2026
রাজ্য

১৮ জুলাই উত্তরকন্যায় অমিত শাহ, সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘শিলিগুড়ি করিডর’ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ির উত্তরকন্যায় আয়োজিত ওই বৈঠকে সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকার পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব, সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপার-সহ একাধিক শীর্ষ আধিকারিক। বিশেষ করে ‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া হতে পারে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়েছে। এই কাজে বিএসএফের জন্য প্রয়োজনীয় জমিও রাজ্য সরকার হস্তান্তর করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, ১০ জুলাই পর্যন্ত বিএসএফের হাতে মোট ১,০২৫.৭৫ একর জমি তুলে দেওয়া হয়েছে, যা সীমান্ত সুরক্ষা জোরদারে সহায়ক হবে।

সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায় এবং সবচেয়ে কম জলপাইগুড়িতে। উত্তরকন্যার বৈঠকে এই জমি হস্তান্তর ও সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অগ্রগতিও পর্যালোচনা করা হতে পারে।

উল্লেখ্য, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ—এই ছয় জেলায় প্রায় ১,৪০০ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। সীমান্তের বিভিন্ন অংশে নজরদারি আরও শক্তিশালী করতে ইতিমধ্যেই বিএসএফ টহল বাড়িয়েছে।

Related posts

Leave a Comment