31 C
Kolkata
October 15, 2026
টিভি-ও-সিনেমা

জেলর ২-তে মোহনলালের দৃশ্য ছাঁটাই! ক্ষুব্ধ পোশাকশিল্পী

চেন্নাই— রজনীকান্ত অভিনীত ‘জেলর ২’ ছবিতে মোহনলালের উপস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে ম্যাথিউর চরিত্রে ক্যামিয়ো করেছেন মালয়ালি সুপারস্টার। তবে মুক্তির পর পর্দায় তাঁর উপস্থিতি খুবই কম সময়ের জন্য দেখা গিয়েছে। এ বার ছবির পোশাকশিল্পী জিশাদ শামসুদ্দীন দাবি করলেন, শুটিংয়ের সময় মোহনলালের আরও বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর তিনটি আলাদা সাজের দৃশ্য বাদ দেওয়া হয়েছে। নির্মাতাদের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে জিশাদ জানিয়েছেন, ‘জেলর ৩’ তৈরি হলে তিনি আর সেই ছবিতে কাজ করবেন না।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সমাজমাধ্যমের পাতায় একটি বিবৃতি প্রকাশ করেন জিশাদ। সেখানে ‘জেলর ২’ ছবিতে মোহনলালের ম্যাথিউ চরিত্রের জন্য তৈরি করা একাধিক পোশাক ও সাজের ছবি ভাগ করে নেন তিনি। তাঁর দাবি, শুটিংয়ের সময় যে দৃশ্যগুলি ধারণ করা হয়েছিল, তার ভিত্তিতে তিনি নিজের কাজ নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন। এমনকি ছবির প্রচার-ঝলকে মোহনলালকে মাত্র দু’সেকেন্ডের জন্য দেখা গেলেও তিনি আশা করেছিলেন, মূল ছবিতে অভিনেতার উপস্থিতি আরও বেশি থাকবে।

কিন্তু ছবি মুক্তির পর তাঁর সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেই দাবি পোশাকশিল্পীর। জিশাদের বক্তব্য, মোহনলালের তিনটি আলাদা সাজের দৃশ্য সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এমনকি প্রচার-ঝলকে থাকা দৃশ্যটিও চূড়ান্ত ছবি থেকে ছেঁটে ফেলা হয়েছে বলে অভিযোগ তাঁর। ফলে অভিনেতার জন্য তৈরি করা পোশাক ও সাজের কাজও দর্শকের সামনে তুলে ধরার সুযোগ কমে গিয়েছে বলে মনে করছেন তিনি।

নিজের ক্ষোভ প্রকাশ করে জিশাদ লেখেন, ‘সিনেমায় কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, মোহনলাল স্যারের মতো এক জন সুপারস্টারের দৃশ্য ছেঁটে ফেলার কোনও প্রয়োজনই ছিল না। আমাদের সুপারস্টারকে এ ভাবে পর্দায় ছোট করে দেখানো হচ্ছে দেখে খারাপ লাগছে। যদি ছবির পরবর্তী পর্ব তৈরি হয়, আমি তাতে কাজ করব না। যাঁরা আমার উপর ভরসা করেছিলেন, তাঁদের সকলের কাছে আমি আন্তরিক ভাবে দুঃখিত।’

শুধু ছবির দৃশ্য ছাঁটাই নয়, সিনেমার বাণিজ্যিক সাফল্য ও তারকাখ্যাতির চেয়েও শিল্পের প্রতি ভালবাসাকে বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন জিশাদ। তাঁর কথায়, ‘আমি কোনও অনুগ্রহ, মুনাফা, কোটি টাকার ক্লাব কিংবা তারকাখ্যাতির পক্ষে নই। আমি শুধু অনুরাগীদের পাশে, শিল্পের প্রতি যাঁদের ভালবাসা রয়েছে এবং মোহনলাল স্যারের পাশে দাঁড়াতে চাই। আমার এই যাত্রাপথে সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

জিশাদের এই পোস্ট প্রকাশ্যে আসার পর মোহনলালের অনুরাগীদের একাংশও অসন্তোষ প্রকাশ করেছেন। ছবিতে অভিনেতার উপস্থিতি এত কম কেন, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। এক অনুরাগী লিখেছেন, ‘আমিও ভাবছিলাম! পর্দায় ওঁর উপস্থিতি এত কম কেন?’ অন্য এক জনের মন্তব্য, ‘আমরা অনুরাগীরা খুবই হতাশ।’ আবার এক অনুরাগী জিশাদের পাশে দাঁড়িয়ে লিখেছেন, তাঁর এই অবস্থান নেওয়ার সাহস রয়েছে।

ছবির পরিচালকের উদ্দেশেও প্রশ্ন তুলেছেন কয়েক জন অনুরাগী। তাঁদের বক্তব্য, মোহনলালের মতো অভিনেতাকে যদি উল্লেখযোগ্য পরিসর দেওয়ার পরিকল্পনা না-ই থাকে, তা হলে তাঁকে এত অল্প সময়ের দৃশ্যে কেন রাখা হল? তবে ছবির নির্মাতাদের তরফে দৃশ্য ছাঁটাই নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না, তা এই বিবৃতিতে স্পষ্ট নয়।

উল্লেখ্য, ‘জেলর’ ছবির প্রথম পর্বেও ম্যাথিউর চরিত্রে দেখা গিয়েছিল মোহনলালকে। সেই চরিত্রকে ঘিরে দর্শকদের প্রত্যাশা থাকায় দ্বিতীয় পর্বে তাঁর উপস্থিতি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু মুক্তির পর অভিনেতার পর্দায় উপস্থিতির সময় কম হওয়ায় কিছু অনুরাগী হতাশ হয়েছেন বলে সমাজমাধ্যমের প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে। এখন দেখার, জিশাদের অভিযোগ নিয়ে ছবির নির্মাতারা কোনও প্রতিক্রিয়া জানান কি না।

Related posts

Leave a Comment