May 8, 2026
রাজ্য

‘মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি করতে পারেন, সরকার আমরাই গড়ব’ দাবি অশোক দিন্দার

কলকাতা— পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে বিজেপির পক্ষ থেকে সরকার গঠন নিয়ে জোরালো আত্মবিশ্বাসের বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি দাবি করেছেন, জনতা ইতিমধ্যেই নিজেদের রায় দিয়ে দিয়েছে এবং আগামীকালই বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে শপথ নেবেন।

অশোক দিন্দা বলেন, ‘আমরা এখন বেশি কিছু বলতে চাই না। মানুষ নিজেদের উত্তর দিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি করতে পারেন, কিন্তু সরকার আমরাই গড়ব। আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন এবং শপথও নেবেন।’

বিজেপির এই আত্মবিশ্বাসী বার্তার মধ্যেই কলকাতায় রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা। সরকার গঠন, মন্ত্রিসভার সম্ভাব্য রূপরেখা এবং বিধানসভা দলনেতা নির্বাচন নিয়েই সেখানে আলোচনা হয়েছে বলে রাজনৈতিক সূত্রের খবর।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পশ্চিমবঙ্গে বিজেপি বিধানসভা দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিজেপি বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি সভাপতিত্ব করবেন বলে জানা গিয়েছে।

দলীয় সূত্রে খবর, সেই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে বিধানসভা দলনেতা নির্বাচন করা হবে। রাজনৈতিক মহলে জোর জল্পনা, শুভেন্দু অধিকারীর নামই দলনেতা তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হতে পারে।

আগামীকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সম্ভাব্য শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরেও প্রস্তুতি তুঙ্গে। বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। সেই আবহেই সরকার গঠনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে এখন ব্যস্ততা চরমে।

Related posts

Leave a Comment