23 C
Kolkata
March 6, 2026
টিভি-ও-সিনেমা

বর্ষীয়ান তামিল পরিচালক ভারতিরাজার শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতালের বিবৃতি

বর্ষীয়ান তামিল চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা ভারতিরাজার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শ্বাসকষ্টের অভিযোগ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, গুরুতর ফুসফুস সংক্রমণে আক্রান্ত অবস্থায় ভারতিরাজাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় এবং অঙ্গসংক্রান্ত সমস্যার জন্য প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা চলছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই পর্যবেক্ষণে রাখা হবে।এই খবরে উদ্বিগ্ন হয়ে তামিল চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নেন। তাঁদের মধ্যে ছিলেন পরিচালক আর কে সেলভামণি, পরিচালক ও অভিনেতা সীমন, প্রযোজক ও অভিনেতা চিত্রা লক্ষ্মণন, পরিচালক লিঙ্গুস্বামী, আমির, এ আর মুরুগাদোস এবং সীনু রামাস্বামী।

হাসপাতাল থেকে বেরিয়ে আর কে সেলভামণি জানান, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদমাধ্যমে ভারতিরাজার স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়ানো হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁরা নিশ্চিত হয়েছেন যে ভারতিরাজার শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে এবং নিউমোনিয়ায় আক্রান্ত হলেও তাঁর অবস্থা এখন নিয়ন্ত্রণে।তিনি আরও বলেন, অতিরিক্ত দর্শনার্থীর কারণে সংক্রমণ বাড়তে পারে বলে আপাতত কাউকে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

ভুয়ো গুজব না ছড়িয়ে সকলে যেন তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন, সেই আবেদনও জানানো হয়েছে। পরিবার ও হাসপাতালই শুধুমাত্র সঠিক স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশ করবে বলে স্পষ্ট করা হয়েছে।

Related posts

Leave a Comment