রণবীর কপূর একসময় জানিয়েছিলেন, কপূর পরিবারের ‘সবচেয়ে শিক্ষিত’ সদস্য হওয়ার পেছনে রয়েছে এক মজার ঘটনা। জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এসে অভিনেতা বলেন, তিনি দশম শ্রেণির পরীক্ষায় ৫৪.৩ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার পর গোটা পরিবারে উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল।
রণবীর জানান, তখন তিনি আমেরিকায় ছিলেন। প্রয়াত বাবা ঋষি কপূরের পরিচালিত ‘আ আব লৌট চলেঁ’ ছবির কাজে তাঁকে সহায়তা করছিলেন। এদিকে, মা নীতু কপূর তাঁর মাধ্যমিকের ফল আনতে গিয়েছিলেন। ফল প্রকাশের পর খবর আসে, রণবীর ৫৪.৩ শতাংশ নম্বর পেয়েছেন। সেই খবর শুনে নীতু কপূর আনন্দে চিৎকার করে ওঠেন।
অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর প্রশ্ন করেন, ‘তুমি কি কপূর পরিবারের প্রথম ছেলে, যে কোনও বছর ফেল না করে দশম শ্রেণি পাস করেছে?’ জবাবে রণবীর বলেন, তাঁর ফল প্রকাশের পর পরিবারের সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন। এমনকি তাঁর দিদিমার চোখেও জল এসে গিয়েছিল। কারণ, তিনিই ছিলেন পরিবারের প্রথম ছেলে, যিনি কোনও বছর ফেল না করে দশম শ্রেণি উত্তীর্ণ হন।
রণবীর মজার ছলে বলেন, ‘আমাদের পরিবারে আমি-ই সবচেয়ে শিক্ষিত।’
কাজের দিক থেকে খুব শীঘ্রই সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে স্ত্রী আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে রণবীরকে। এছাড়া নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত পৌরাণিক ছবি ‘রামায়ণ’-এ তিনি শ্রীরামের ভূমিকায় অভিনয় করছেন। এই ছবিতে সীতা চরিত্রে রয়েছেন সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে।
previous post
