30.2 C
Kolkata
June 28, 2026
বিদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১,৪৩০

৪৩০টি আফটারশকের পর ফের কাঁপল কারাকাস

কারাকাস, ২৮ জুন: ভেনেজুয়েলার (Venezuela Earthquake) ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০-এ পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ (Jorge Rodriguez) জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩,২৩৮ জন আহত হয়েছেন এবং ৩,১৪২টি পরিবার এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের পর ৪৩০টি হালকা থেকে মাঝারি মাত্রার আফটারশক (Aftershocks) রেকর্ড করা হয়েছে। উদ্ধারকারী দল এখনও দিনরাত কাজ করে চলেছে।

রদ্রিগেজ বলেন, হাজার হাজার উদ্ধারকর্মী উপকূলবর্তী এবং পাহাড়ি এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজ চালাচ্ছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

এরই মধ্যে শনিবার ফের ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলার ভূকম্পন গবেষণা সংস্থা (Funvisis)। কম্পনের উৎপত্তিস্থল ছিল লা গুয়াইরা (La Guaira) শহরের পশ্চিমে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এবং মাত্র পাঁচ কিলোমিটার গভীরে।

রাজধানী কারাকাস (Caracas) এবং আশপাশের এলাকায় নতুন কম্পন অনুভূত হতেই বহু মানুষ আতঙ্কে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। কয়েক দিন আগের বিধ্বংসী ভূমিকম্পে বহু ভবন ধসে পড়া এবং ভূমিধসের ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি।

ভূকম্পন গবেষণা সংস্থা জানিয়েছে, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। গুজবে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য জানার জন্যও সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

Related posts

Leave a Comment