30.2 C
Kolkata
June 28, 2026
বিদেশ

তেলবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ, ইরানে ফের মার্কিন বিমান হামলা

ওয়াশিংটন, ২৮ জুন: হরমুজ প্রণালীর (Strait of Hormuz) কাছে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে ড্রোন হামলার জন্য ইরানকে (Iran) দায়ী করে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী (US Central Command)। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, যুদ্ধবিরতি মেনে চলার সুযোগ দেওয়া হলেও ইরান ফের উত্তেজনা বাড়িয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এম টি কিকু’ (M/T Kiku)-তে ভোর সাড়ে চারটে নাগাদ ড্রোন হামলা হয়। জাহাজটিতে ২০ লক্ষেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল ছিল এবং সেটি হরমুজ প্রণালী অতিক্রম করছিল।

এই ঘটনার জবাবে মার্কিন যুদ্ধবিমান ইরানের নজরদারি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ঘাঁটি, ড্রোন মজুত কেন্দ্র এবং মাইন পাতা সংক্রান্ত সামরিক সক্ষমতার উপর হামলা চালায়। মার্কিন নৌবাহিনী (US Navy) এবং বায়ুসেনাও অভিযানে অংশ নেয়।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী এবং তার আশপাশে মোট ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য বলে দাবি করেছে ওয়াশিংটন।

মার্কিন সেনাবাহিনীর দাবি, সামরিক অভিযান চললেও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহণ পথ হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহণ হয়। ফলে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে নতুন উদ্বেগ তৈরি করেছে।

Related posts

Leave a Comment