সংবাদ কলকাতা: যোধপুর বয়েজ স্কুলে সোমবার সকালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এক শিক্ষককে ঘিরে একাধিক অভিযোগ নিয়ে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই শিক্ষক দীর্ঘদিন ধরে ব্যক্তিগত টিউশন চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ছাত্রদের তাঁর কাছে টিউশন পড়ানোর জন্য অভিভাবকদের উপর চাপও সৃষ্টি করা হচ্ছে বলে দাবি বিক্ষোভকারীদের।
অভিভাবকদের অভিযোগ, স্কুলে পড়ুয়াদের প্রয়োজনীয় শিক্ষাসংক্রান্ত পরিষেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে না। বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করতে স্কুলে ডাকা হলেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ ওঠে। এই সমস্ত অভিযোগ লিখিত আকারে স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দিতে সোমবার সকালে একদল অভিভাবক স্কুলে যান।
অভিযোগ, লিখিত অভিযোগপত্র গ্রহণকে কেন্দ্র করেই স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিভাবকদের একাংশের দাবি, বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন। তাঁরা সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি ব্যক্তিগত টিউশন সংক্রান্ত অভিযোগও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন।
অন্যদিকে, এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অভিযোগগুলির বিষয়ে তাদের বক্তব্য জানা গেলে তা-ও সংবাদে যুক্ত করা হবে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার তদন্তের পর পরবর্তী পদক্ষেপ করা হবে।
