সাধারণ মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস
সংবাদ কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের অভিযোগ, অভাব-অভিযোগ এবং নানাবিধ সমস্যার কথা সরাসরি শুনতে বুধবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মসূচিতে অংশ নিয়ে তিনি মানুষের বক্তব্য মন দিয়ে শোনেন এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এ দিনের কর্মসূচিতে জমি সংক্রান্ত সমস্যা, সরকারি পরিষেবা, সামাজিক সুরক্ষা প্রকল্প, প্রশাসনিক জটিলতা এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বহু মানুষ তাঁদের অভিযোগ ও আবেদন তুলে ধরেন। উপস্থিত আধিকারিক এবং দলীয় প্রতিনিধিদের প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়।
কর্মসূচিতে শুভেন্দু অধিকারী বলেন, সরকারের কাছে মানুষের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। তাই সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে তা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘জনতার দরবার’-এর মতো উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশ্বাস দেন, প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করা হবে।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও জোরদার করতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও রাজ্যের বিভিন্ন জায়গায় একই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।
