মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বালুরঘাট সফরে গিয়ে নেশামুক্ত বাংলা গড়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার বালুরঘাট পুলিশ সুপার অফিসের সামনে নিজে রোড রোলার চালিয়ে প্রায় ২ লক্ষ নিষিদ্ধ ফেনসিডিল কাশির সিরাপ ধ্বংস করেন তিনি। সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গকেও নেশামুক্ত করা হবে। রাজ্যের যেখানেই নিষিদ্ধ মাদক পাওয়া যাবে, তা ধ্বংস করা হবে। একইসঙ্গে মাদক কারবারের সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, গত কয়েক মাসে বিপুল পরিমাণ নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। বিশেষ নজর দেওয়া হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলায়। তাঁর দাবি, আগে পুলিশ ও বিএসএফের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। কিন্তু গত চার মাসে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাদ্রব্য উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, উদ্ধার হওয়া নিষিদ্ধ কাশির সিরাপগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তার আগেই সেই পাচার রুখে দেয় জেলা পুলিশ ও প্রশাসন। এদিন তাঁদের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী দিনেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এই কারবারে জড়িতদের দীর্ঘদিন জেলে থাকতে হবে বলে জানান তিনি।
বালুরঘাট সফরে এদিন একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সাংসদ সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজের পাশাপাশি প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। দক্ষিণ দিনাজপুর জেলা ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন অনুমোদিত এবং প্রস্তাবিত প্রকল্প নিয়েও রিভিউ মিটিং হওয়ার কথা রয়েছে।
