26 C
Kolkata
September 3, 2026
রাজ্য

বালুরঘাটবাসীকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, দ্রুত চালু বিমানবন্দর ও শুরু মেডিক্যাল কলেজের কাজ

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ দিনাজপুরে প্রথম প্রশাসনিক সফরে গিয়ে বালুরঘাটবাসীর জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বুধবার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি জানান, খুব শীঘ্রই পুরোপুরি সচল হতে চলেছে বালুরঘাট বিমানবন্দর। পাশাপাশি প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজের ভূমিপুজো ও নির্মাণকাজও দ্রুত শুরু হবে।

প্রশাসনিক সফরে বালুরঘাটে গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই বালুরঘাট বিমানবন্দর চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। দীর্ঘদিন ধরে বিমান পরিষেবা নিয়ে অপেক্ষায় থাকা জেলার বাসিন্দাদের জন্য এই ঘোষণাকে বড় খবর হিসেবে দেখা হচ্ছে।


এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজ করেন তিনি। মুখ্যমন্ত্রীর আপ্যায়নে ছিল সাদা ভাত, পাট শাক ভাজা, শুক্তো, পোস্ত, রাইখোর মাছ ভাজা, ময়া মাছের চচ্চড়ি, কাতলা, ইলিশ ও দেশি মুরগির মাংস। সঙ্গে ছিল নয়াবাজারের দই, চাটনি ও রসগোল্লা।

অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজ নিয়েও দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বালুরঘাট জেলা হাসপাতাল প্রাঙ্গণকে কেন্দ্র করে প্রাথমিক পরিকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। খুব শীঘ্রই ভূমিপুজো করে নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


বিমানবন্দর চালু হলে দক্ষিণ দিনাজপুরের সঙ্গে কলকাতার যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে জেলায় মেডিক্যাল কলেজ তৈরি হলে উন্নত চিকিৎসার জন্য বাসিন্দাদের অন্য জেলায় ছুটে যাওয়ার প্রয়োজনও অনেকটাই কমবে।

পাশাপাশি সরকারি জমিতে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের বিষয়েও রূপরেখা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণায় জেলার যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোয় গতি আসার আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Related posts

Leave a Comment