31 C
Kolkata
October 26, 2026
খেলা

বুমরাহকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা! কী বললেন মর্কেল?

স্বল্পমেয়াদী নয়, বরং ভবিষ্যতের কথা মাথায় রেখে সম্পূর্ণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন কোচ গৌতম গম্ভীর ও বোলিং কোচ মর্নি মর্কেলের জুটি। বিশেষ করে ভারতীয় দলের বোলিং আক্রমণকে আরও ধারালো ও বহুমুখী করে তুলতে বড় পরিকল্পনা তৈরি করা হয়েছে। আর সেই মাস্টারপ্ল্যানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছেন ভারতের পেস আক্রমণের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহ।

বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছে ভারতীয় দল। সেখানে তারা পরপর টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলছে। সাদা ও লাল বলের ক্রিকেট মিলিয়ে এই সফরে মোট ১২টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। এত দীর্ঘ এবং কান্তিদায়ক একটি সিরিজের কথা মাথায় রেখেই দলের বোলারদের নিয়ে একটি শক্তিশালী ও বড় দল তৈরি রাখার কৌশল নিয়েছেন টিম ম্যানেজমেন্ট।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোলিং কোচ মর্নি মর্কেল এই বিশেষ পরিকল্পনার কথা স্পষ্ট করে জানান। তিনি বলেন, “আমরা মূলত একটি সুসংগঠিত বোলারদের গ্রুপ তৈরি রাখতে চাইছি, যাতে যখনই প্রয়োজন পড়বে, কাউকে না কাউকে মাঠে নামানো সম্ভব হয়। যত বেশি সময় গড়াবে, আমরা সেখানকার পরিবেশ এবং পিচের চরিত্র তত ভালোভাবে বুঝতে পারব। আর সেই অনুযায়ীই দলের প্রধান বোলার কারা হবেন, তা আরও স্পষ্ট হয়ে উঠবে।”



মর্কেলের কথায় স্পষ্ট, এই মুহূর্তে বিভিন্ন পরিবেশ ও কন্ডিশনে বল করার মতো উপযুক্ত বেশ কিছু বোলার রয়েছে তাঁদের হাতে। বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে নিয়েও বিশেষ আশাবাদী বোলিং কোচ। অর্শদীপের কঠোর পরিশ্রম ও দক্ষতার প্রশংসা করে মর্কেল ইঙ্গিত দিয়েছেন যে, অদূর ভবিষ্যতে লাল বলের ক্রিকেটেও দেখা যেতে পারে এই তরুণ পেসারকে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অর্শদীপের অভিষেক হবে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কিছু জানাননি।

সামনে একের পর এক কঠিন সিরিজ রয়েছে, তাই দলের পেসারদের ওপর অতিরিক্ত কাজের চাপ না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে (Rotation Policy) খেলানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। এই প্রসঙ্গে মর্কেল আরও বলেন, “প্রত্যেক বোলারের কাছে দলের কী প্রত্যাশা, তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি কয়েক জন বোলারকে ‘ভারত এ’ দলের হয়ে খেলিয়েও তৈরি করা হচ্ছে। ৫০ ওভারের ক্রিকেট এবং টেস্ট ম্যাচে বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে, যার মধ্যে জসপ্রীত বুমরাহও রয়েছে। সব মিলিয়ে দলের সকলের জন্যই আমাদের একটি বুলেটপ্রুফ পরিকল্পনা তৈরি করা হয়েছে।”

Related posts

Leave a Comment