30 C
Kolkata
September 21, 2026
রাজ্য

মহুয়ার আবেদন খারিজ, থানায় সশরীরে হাজিরার নির্দেশ

ধর্মীয় অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের ভার্চুয়াল মাধ্যমে থানায় হাজিরার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে কলকাতা হাই কোর্টের আগের নির্দেশই বহাল থাকছে। আগামী ১৪ আগস্ট নদিয়ার হোগলাবেড়িয়া থানায় সশরীরে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে।

শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুরের বেঞ্চে মামলার শুনানিতে মহুয়ার পক্ষের আইনজীবী জানান, থানায় হাজিরা দিতে তাঁর মক্কেলের আপত্তি নেই। তবে সম্প্রতি বিক্ষোভ ও ডিম নিক্ষেপের ঘটনার কথা উল্লেখ করে নিরাপত্তার স্বার্থে ভার্চুয়াল মাধ্যমে তদন্তে যোগ দেওয়ার অনুমতি চাওয়া হয়।

আবেদনের শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন তোলেন, একজন জনপ্রতিনিধি কেন ডিম নিক্ষেপের ঘটনায় ভয় পাবেন। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, রাজনীতিতে এলে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। আদালতের এই পর্যবেক্ষণের পর মহুয়ার আইনজীবী আবেদনটি প্রত্যাহারের অনুমতি চান এবং সুপ্রিম কোর্ট তা মঞ্জুর করে।

এর আগে কলকাতা হাই কোর্ট মহুয়া মৈত্রকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়ে জানিয়েছিল, অক্টোবর পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং নির্ধারিত দিনে তদন্তকারী কর্মকর্তার সামনে উপস্থিত থাকতে হবে। সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহারের ফলে সেই নির্দেশই বহাল থাকল।

Related posts

Leave a Comment