নিজস্ব সংবাদদাতা, বীরভূম— পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের মৃত্যু ঘিরে বিস্তারিত তথ্য সামনে আনল বীরভূম জেলা পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে রতনের মৃত্যুর ঘটনায় সাংবাদিক বৈঠক করে গোটা অভিযানের বিবরণ দিলেন বীরভূমের পুলিশ সুপার বিদীত রাজ বন্দেশ। তাঁর দাবি, অস্ত্র উদ্ধারের সময় রতন প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি পুলিশের গাড়িতে লাগে। দ্বিতীয়বার গুলি চালানোর সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই গুরুতর জখম হয় রতন। পরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সিআইডি তদন্ত করতে চাইলে করতে পারে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ সুপার জানান, রতন শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৩৬টি মামলা ছিল। একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর জেলের বাইরে তার সঙ্গে দেখা করে রমেশ লোহার ও নূর হুসেন শেখ। পুলিশের প্রাথমিক অনুমান, তাদের কাছ থেকেই ৭ এমএম পিস্তল পেয়েছিল রতন। ওই অস্ত্র দিয়েই শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করা হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই রতনের দুই সহযোগী নূর হুসেন শেখ ও রমেশ লোহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং গোটা ঘটনার পিছনে আরও কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় অন্য একটি মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে শান্তিনিকেতন থানার পুলিশ লাইকবাজার এলাকায় যায়। সেই সময় রতন শেখ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায়। বাঁ পায়ের হাঁটুর উপরে গুলি লাগে তাঁর। প্রথমে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে|

এই ঘটনায় রতনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। পাশাপাশি অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারাতেও মামলা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তে জানা যায়, কনস্টেবলকে গুলি করার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি রতন নিজের কাছে রাখেনি। সেটি অন্য জায়গায় লুকিয়ে রেখেছিল সে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, নানুরের উচকরণ গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় অস্ত্রটি রাখা রয়েছে। এরপর সন্ধ্যায় ধৃত রতনকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশের দল।
পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, ইটভাটায় পৌঁছে অস্ত্রটি উদ্ধার করার সময় রতন আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি পুলিশের গাড়িতে লাগে। এরপর দ্বিতীয়বার গুলি চালানোর সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। তাতে গুরুতর জখম হয় রতন। দ্রুত তাকে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য দেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সুপার আরও জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের পাশাপাশি রতন কীভাবে অস্ত্র পেয়েছিল, কারা তাকে সাহায্য করেছিল এবং জেলের ভিতরে বসেই এই হামলার পরিকল্পনা হয়েছিল কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, আইন মেনেই গোটা অভিযান চালানো হয়েছে। তবে এনকাউন্টারের ঘটনায় সিআইডি তদন্তের সম্ভাবনাও উড়িয়ে দেননি পুলিশ সুপার।
কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্তের মৃত্যু এবং তার দুই সহযোগীর গ্রেপ্তারির পর তদন্তে নতুন করে গতি এসেছে। রতনের অস্ত্রের উৎস ও অপরাধচক্রের সঙ্গে তার যোগাযোগের সূত্র খুঁজতেই এখন নজর তদন্তকারীদের।
