কলকাতা— ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত ট্রাইবুনাল থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগ। এর আগে গত মে মাসে একই ট্রাইবুনাল থেকে ইস্তফা দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। পরপর দুই অবসরপ্রাপ্ত বিচারপতির সরে দাঁড়ানোয় ট্রাইবুনালের কাজের গতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে |
সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময় বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির জন্য কলকাতা হাই কোর্টের তত্ত্বাবধানে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই ট্রাইবুনাল গঠন করা হয়। প্রধান বিচারপতির উদ্যোগে গঠিত ওই ট্রাইবুনালের দায়িত্ব ছিল বিবেচনাধীন আবেদনগুলির শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া |
বিচারপতি রঞ্জিতকুমার বাগ ট্রাইবুনালে দায়িত্ব পালনকালে একাধিক মামলার নিষ্পত্তি করেছিলেন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে |
সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় ২৭ লক্ষ নাম ট্রাইবুনালের কাছে পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ২৮ হাজার থেকে ৩০ হাজার আবেদন নিষ্পত্তি হয়েছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি মামলার শুনানি সম্পন্ন করা সম্ভব হচ্ছে বলে জানা গিয়েছে|
ট্রাইবুনালের সঙ্গে যুক্ত সূত্রগুলির দাবি, পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে কাজের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আবেদনকারীদের জমা দেওয়া নথি খুঁটিয়ে পরীক্ষা, প্রয়োজন হলে তাঁদের সশরীরে হাজির করানো এবং শুনানির ব্যবস্থা করতে হচ্ছে। কিন্তু আদালতের মতো পূর্ণাঙ্গ পরিকাঠামো না থাকায় সেই প্রক্রিয়া যথেষ্ট সময়সাপেক্ষ হয়ে উঠছে।
এ ছাড়া আবেদনকারীদের নোটিস পাঠানোর ক্ষেত্রেও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। ট্রাইবুনালের নিজস্ব কোনও ওয়েবসাইট বা পৃথক নোটিস ব্যবস্থা না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই জেলা প্রশাসনের সাহায্য নিতে হচ্ছে। ফলে শুনানির প্রক্রিয়া আরও দীর্ঘ হচ্ছে বলে অভিযোগ।
নির্বাচন কমিশন সূত্রে দাবি, বর্তমান গতিতে কাজ চলতে থাকলে সমস্ত আবেদন নিষ্পত্তি করতে বহু বছর সময় লেগে যেতে পারে। সেই কারণেই দ্রুত পরিকাঠামো উন্নয়ন এবং জনবল বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
এর আগে বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিহারের এক অবসরপ্রাপ্ত বিচারপতিও ট্রাইবুনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার বিচারপতি রঞ্জিতকুমার বাগের সরে যাওয়ায় এসআইআর সংক্রান্ত ট্রাইবুনালের ভবিষ্যৎ কাজের গতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
