সংবাদ কলকাতা: শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে জল্পনা চলছে। ছবিটির মুক্তি পিছিয়ে যেতে পারে বলেও শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনায় নিজেই জল ঢাললেন শাহরুখ খান। মঙ্গলবার সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অভিনেতা স্পষ্ট জানিয়ে দিলেন, ‘কিং’-এর মুক্তি পিছোচ্ছে না। আগামী ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে আসবে বহু প্রতীক্ষিত ছবিটি।
সমাজমাধ্যমে প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী ‘কিং’ নিয়ে নতুন খবর জানতে চান। তিনি লেখেন, ‘স্যার, ‘কিং’ নিয়ে কিছু খবর দিন। তিন বছর আগে প্রেক্ষাগৃহে আপনার শেষ ছবি দেখেছি। আর কত অপেক্ষা করাবেন? অন্তত একটা ঝলক দেখান।’ অনুরাগীর প্রশ্নের জবাব দিতে গিয়েই ছবির মুক্তির তারিখ নিয়ে যাবতীয় জল্পনার অবসান করেন শাহরুখ।
অভিনেতা জানান, দর্শকদের আর বেশি অপেক্ষা করতে হবে না। তিনি লেখেন, ‘এ বার ছবিটা দেখবেন। অপেক্ষা করাচ্ছি না আর। ভাল একটা ছবি তৈরি করছি, যাতে মনটা তৃপ্ত হবে। সব কিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগে।’
তবে ছবির কাজ যে একেবারে নির্বিঘ্নে এগোয়নি, সেটাও জানিয়েছেন শাহরুখ। শুটিং চলাকালীন একাধিক বার চোট পেয়েছিলেন তিনি। সেই কারণে কয়েক দফায় শুটিং বন্ধ রাখতে হয়েছিল। বর্তমানে অবশ্য সব চোট সেরে গিয়েছে বলে জানিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘শুটিংয়ের সময়ে কয়েক বার চোট পেয়েছিলাম। তাই বার বার কাজ থামাতে হয়েছে। এখন সব চোট সেরে গিয়েছে। ছবির কাজও প্রায় শেষ। তাই সব ঠিকঠাকই চলছে।’

‘কিং’ নিয়ে নিজের উচ্ছ্বাসও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শাহরুখ। ছবিতে দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে অনেক পরিশ্রম করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মারপিটের দৃশ্য থেকে গান— সব ক্ষেত্রেই বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনকি ছবিতে নিজের চুল নিয়েও মজার মন্তব্য করেছেন অভিনেতা।
‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর পর ফের অ্যাকশন ঘরানায় শাহরুখকে দেখতে চলেছেন দর্শক। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখের পাশাপাশি ‘কিং’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চনও ছবির গুরুত্বপূর্ণ অংশ। তবে ছবির কাহিনি নিয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি।
শাহরুখের ঘোষণা স্বাভাবিকভাবেই ‘কিং’ নিয়ে দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় শাহরুখকে নতুন অবতারে দেখার অপেক্ষায় এখন অনুরাগীরা।
