কানপুর, ২৬ মে: পেট্রল পাম্পে তেল ভরতে গিয়ে অবাক হয়ে গেলেন এক গাড়িচালক। যে গাড়ির জ্বালানি ট্যাঙ্কের ধারণক্ষমতা ৪৫ লিটার, সেই গাড়িতেই পেট্রল ভরার পর বিল করা হয়েছে ৫২ লিটারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের কানপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, পাম্পের মেশিনে কারচুপি করে গ্রাহকদের প্রতারণা করা হচ্ছে।
অভিযোগকারী চরণ সিং সম্প্রতি একটি নতুন গাড়ি কিনেছেন। তাঁর দাবি, পেট্রল ভরানোর আগে গাড়ির ট্যাঙ্কে প্রায় ৫ লিটার জ্বালানি ছিল। এরপর তিনি ট্যাঙ্ক ফুল করার নির্দেশ দেন। কিন্তু তেল ভরার পর যে বিল দেওয়া হয়, তাতে ৫২ লিটার পেট্রল সরবরাহের উল্লেখ দেখে তিনি বিস্মিত হয়ে যান।
চরণ সিংয়ের অভিযোগ, প্রথমে প্রায় ৪১ লিটার পেট্রল ভরার পর তিনি আপত্তি তুলেছিলেন। তখন পাম্পকর্মীরা জানান, একবারে পুরো তেল ভরা সম্ভব নয়। পরে আরও ১১ লিটার যোগ করে বিল তৈরি করা হয়। এতে তাঁর সন্দেহ আরও ঘনীভূত হয়।
ঘটনার সত্যতা যাচাই করতে তিনি সংশ্লিষ্ট গাড়ি প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিকে ঘটনাস্থলে ডাকেন। পরীক্ষা-নিরীক্ষার পর সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গাড়িটির ট্যাঙ্কে ৪৫ লিটারের বেশি জ্বালানি ধারণের কোনও সুযোগ নেই। এরপরই পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে।
ঘটনার পর স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন চরণ সিং। তাঁর দাবি, ওজন ও পরিমাপ বিভাগের কিছু কর্মীর মদতেই দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়ম চলছে। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে। পাম্পের মেশিনে কোনও অবৈধ চিপ বা প্রযুক্তিগত কারচুপি রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
