রাজস্থানের বালোত্রার পাচপদরায় রাজস্থান রিফাইনারির উদ্বোধন ঘিরে ফের রাজনৈতিক তরজা শুরু হল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, কংগ্রেস সরকারের আমলে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের কাজ কার্যত থমকে গিয়েছিল। পাল্টা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট দাবি করেন, তাঁদের আমলেই প্রকল্পের ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল।
রিফাইনারি উদ্বোধনের পর জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ক্ষমতায় আসার পরই প্রকল্পের কাজ গতি পায়। তাঁর দাবি, বিজেপি শুধু শিলান্যাস করে না, প্রকল্প সম্পূর্ণ করেও দেখায়। এই রিফাইনারি রাজস্থানের শিল্পোন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি উল্লেখ করেন।
কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, ২০১৮ থেকে ২০২৩ সালের কংগ্রেস সরকারের আমলে প্রকল্পের কাজ কার্যত বন্ধ ছিল। বিজেপি ঘোষণার রাজনীতি নয়, বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন তিনি।
এর জবাবে অশোক গেহলট বলেন, সরকারি অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী বিজেপির নেতার মতো আচরণ করছেন, যা দুর্ভাগ্যজনক। তিনি দাবি করেন, করোনা মহামারির সময়ও রিফাইনারির নির্মাণকাজ বন্ধ হয়নি। বরং তাঁদের সরকারের আমলেই প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছিল। বর্তমান বিজেপি সরকার নিজেই বাজেটে জানিয়েছিল, ২০২৫ সালের অগস্টে প্রকল্প সম্পূর্ণ হবে। তাহলে কাজ বন্ধ ছিল কীভাবে, সেই প্রশ্ন তোলেন গেহলট।
সভা থেকে জলবণ্টন নিয়েও কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, কংগ্রেস দীর্ঘদিনেও রাজস্থানের জল সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি নর্মদার জল ভাগাভাগি নিয়ে রাজস্থানের সঙ্গে সমঝোতা করেছিলেন বলেও জানান। পাশাপাশি ঘোষণা করেন, রাজস্থান ও হরিয়ানায় বিজেপি সরকার থাকায় শেখাওয়াতি অঞ্চলে যমুনার জল পৌঁছে দেওয়ার বিষয়ে দুই রাজ্যের মধ্যে চুক্তি হয়েছে।
এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে একাধিকবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজের ভূয়সী প্রশংসা করেন। নর্মদা জল চুক্তি এবং পাচপদরা রিফাইনারি প্রকল্পে তাঁর ভূমিকার কথাও উল্লেখ করেন। রাজনৈতিক মহলের মতে, রাজস্থান বিজেপির অন্দরে ঐক্যের বার্তা দিতেই এই পদক্ষেপ।
রিফাইনারির উদ্বোধন রাজস্থানের শিল্পোন্নয়নের ক্ষেত্রে বড় মাইলফলক হলেও, অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে বিজেপি ও কংগ্রেসের কৃতিত্ব দাবি নিয়ে রাজনৈতিক সংঘাত। দুই দলই এই বৃহৎ পরিকাঠামো প্রকল্পের সাফল্যের কৃতিত্ব নিজেদের ঝুলিতে তুলতে মরিয়া।
