November 20, 2026
রাজ্য

পাহাড়ে নতুন সমীকরণ, কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ

সংবাদ কলকাতা: পাহাড়ের রাজনীতিতে শুক্রবার একই দিনে ঘটল দু’টি গুরুত্বপূর্ণ ঘটনা। এক দিকে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙ্গ ও দলের সাধারণ সম্পাদক রোশন গিরি। অন্য দিকে, কলকাতার বিধান ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন কার্শিয়াঙের প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। পাহাড়ের রাজনীতিতে এই দুই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং এআইসিসির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক প্রকাশ জোশীর উপস্থিতিতে বিষ্ণুপ্রসাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। কংগ্রেসে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর দাবি, পাহাড়ের উন্নয়নে কংগ্রেসের অবদানই সবচেয়ে বেশি। হিল কাউন্সিল গঠন থেকে শুরু করে পাহাড়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কংগ্রেসের আমলেই হয়েছে বলে দাবি করেন তিনি।

বিষ্ণুপ্রসাদের কথায়, ‘গোর্খাদের আজ পর্যন্ত যা কিছু প্রাপ্তি, তা কংগ্রেসের হাত ধরেই এসেছে। বিজেপি শুধু প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবে কোনও কাজ করেনি। আগামী দিনেও পাহাড়ের উন্নয়নের জন্য কংগ্রেসই কাজ করবে।’



উল্লেখ্য, এক সময় পাহাড়ে বিজেপির অন্যতম পরিচিত মুখ ছিলেন বিষ্ণুপ্রসাদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে কার্শিয়াং কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু গোর্খাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর মতপার্থক্য বাড়তে থাকে। সেই দূরত্বের জেরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে বিজেপির প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। যদিও সেই নির্বাচনে জয়ী হতে পারেননি।

এর পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিষ্ণুপ্রসাদ। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। তৃণমূলে প্রায় সাত মাস কাটানোর পর এবার কংগ্রেসে যোগ দিলেন তিনি। ফলে অল্প সময়ের ব্যবধানে বিজেপি, নির্দল, তৃণমূল হয়ে ফের নতুন রাজনৈতিক ঠিকানা খুঁজে নিলেন কার্শিয়াঙের প্রাক্তন বিধায়ক।

অন্য দিকে, শুক্রবার নবান্নে বিমল গুরুঙ্গ ও রোশন গিরির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকও রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাহাড়ের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন এবং রাজনৈতিক সমীকরণ নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বৈঠকের বিস্তারিত বিষয় আনুষ্ঠানিক ভাবে সামনে আসেনি।

একই দিনে এক দিকে গুরুঙ্গের নবান্ন সফর, অন্য দিকে বিষ্ণুপ্রসাদের কংগ্রেসে যোগদান— দুই ঘটনাই পাহাড়ের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গোর্খাল্যান্ডের দাবি, পাহাড়ের উন্নয়ন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাংগঠনিক অবস্থান আগামী দিনে কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related posts

Leave a Comment