31.5 C
Kolkata
June 18, 2026
কলকাতা

প্যাস্কোর ৪১তম রক্তদান শিবিরে বিশেষ অতিথি বিমান বসু

নিজস্ব চিত্র

সংবাদ কলকাতা: সমাজসেবার দীর্ঘ ঐতিহ্যকে সামনে রেখেই ফের এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল উত্তর কলকাতা। প্রায় ৪৭ বছর আগে চিত্রশিল্পী স্নেহাশিষ রায় (Snehashis Roy) ছাত্রাবস্থায় কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে যে সংগঠনের সূচনা করেছিলেন, সেই প্যাস্কো আজও সমান নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে।

মাত্র ১৭ বছর বয়সে স্নেহাশিষ রায়ের লক্ষ্য ছিল প্রান্তিক পরিবারের শিশুদের শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনা, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি করা এবং তাদের বিপথগামী হওয়ার সম্ভাবনা কমিয়ে আনা। সেই ভাবনা থেকেই শুরু হয়েছিল প্যাস্কোর পথচলা। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে।

গত রবিবার টালা পার্ক (Tala Park) সংলগ্ন এলাকায় আয়োজিত হয় প্যাস্কোর ৪১তম রক্তদান শিবির (Blood Donation Camp)। সকাল থেকেই বহু যুবক-যুবতি রক্তদান করতে শিবিরে হাজির হন। আয়োজকদের মতে, নিয়মিত রক্তের চাহিদা পূরণে সাধারণ মানুষের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি তাঁর সমর্থনের জন্য তাঁকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্নেহাশিস রায়ের হাতে আঁকা একটি চিত্রকর্ম, যা বিমান বসুর হাতে তুলে দেওয়া হয় স্মারক হিসেবে।

সংগঠনের সদস্যরা জানান, আগামী দিনেও শিক্ষা, সংস্কৃতি, মানবিক সহায়তা এবং রক্তদান আন্দোলনের মাধ্যমে মানুষের পাশে থাকার কাজ অব্যাহত থাকবে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে চলা এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Related posts

Leave a Comment