37.2 C
Kolkata
June 20, 2026
কলকাতা

সুরুচি সংঘকে এলআইসির নোটিস, ২১ কাঠা জমি খালি করার নির্দেশ

কলকাতা | ২০ জুন: কলকাতার নিউ আলিপুরের অন্যতম পরিচিত দুর্গাপুজো উদ্যোক্তা সুরুচি সংঘকে জমি খালি করার নোটিস পাঠাল ভারতীয় জীবন বিমা নিগম (LIC)। অভিযোগ, এলআইসির মালিকানাধীন প্রায় ২১ কাঠা জমি দীর্ঘদিন ধরে দখল করে ক্লাবের দুর্গাপুজো ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নোটিসে জানানো হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করতে হবে। নির্দেশ অমান্য করা হলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে

এলআইসি সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট জমি ফেরত চেয়ে একাধিকবার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সুরাহা হয়নি। এরপর আলিপুর থানার দ্বারস্থ হয় সংস্থাটি। সম্প্রতি জমির দেওয়ালে নোটিস টাঙিয়ে জমি খালি করার নির্দেশও দেওয়া হয়েছে।

সুরুচি সংঘ নিয়ে বিতর্ক

নিউ আলিপুরের সুরুচি সংঘ কলকাতার অন্যতম জনপ্রিয় বারোয়ারি দুর্গাপুজোর আয়োজক হিসেবে পরিচিত। বহু বছর ধরে এই পুজোর সঙ্গে জড়িত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। সাধারণ মানুষের কাছে এই পুজো ‘বিশ্বাস ব্রাদার্স’-এর পুজো হিসেবেই পরিচিত ছিল। ক্লাবের সচিব ছিলেন স্বরূপ বিশ্বাস, যিনি বর্তমানে জেলে রয়েছেন।

সাম্প্রতিক সময়ে সুরুচি সংঘকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। দুর্নীতি, প্রভাব খাটানো এবং আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে ক্লাবের বিরুদ্ধে। এর আগে এক মহিলা রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে দাবি করেছিলেন, স্বরূপ বিশ্বাস তাঁকে একা ক্লাবে দেখা করতে বলেছিলেন। স্বরূপের গ্রেফতারের পর ক্লাব প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাও ঘটে। বিভিন্ন হোর্ডিং ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়।

জমি নিয়ে আইনি লড়াইয়ের ইঙ্গিত

এলআইসির দাবি, জমিটি তাদের বৈধ সম্পত্তি এবং তা অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না হলে আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি অন্যান্য আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।

এই নোটিসের পর কলকাতার অন্যতম আলোচিত দুর্গাপুজোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Related posts

Leave a Comment