নিজস্ব সংবাদদাতা, হাওড়া— এসআইআর-এর কাজ বন্ধ বলে জানাচ্ছেন বুথ লেভেল অফিসার (বিএলও)। অথচ ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। ভোটার কার্ড, আধার কার্ড-সহ বিভিন্ন নথি চাওয়া হচ্ছে তাঁদের কাছ থেকে। কিন্তু কেন এই তথ্য সংগ্রহ, কোথায় জমা পড়বে সেই নথি, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা মিলছে না। পুলিশের বক্তব্য, ‘উপরতলার নির্দেশ’ মেনেই চলছে কাজ। এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার জগাছা থানার অন্তর্গত উনসানি এলাকায় তৈরি হয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ।
বুধবার উনসানি এলাকায় কয়েক জন পুলিশকর্মীকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে দেখা যায়। তবে এলাকার প্রত্যেক বাসিন্দার কাছে তাঁরা যাচ্ছেন না। যাঁদের নাম এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পায়নি, মূলত তাঁদেরই খোঁজ করছেন পুলিশকর্মীরা। ভোটার তালিকায় নাম বাদ পড়ার কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর।
পুলিশ নথি চাওয়ায় অনেকেই ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে হাজির হয়েছেন। কিন্তু এই তথ্য সংগ্রহের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দাদের একাংশ। তাঁদের বক্তব্য, বিএলও-র কাছ থেকে এসআইআরের কাজ বন্ধ থাকার কথা জানার পরেও পুলিশ কেন নতুন করে তথ্য সংগ্রহ করছে, তা স্পষ্ট নয়।
এক স্থানীয় বাসিন্দার কথায়, তিনি বিএলও-কে ফোন করে বিষয়টি জানতে চেয়েছিলেন। বিএলও তাঁকে জানান, এসআইআরের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। পুলিশের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন করলে অবশ্য কোনও সদুত্তর মেলেনি। ওই বাসিন্দা বলেন, তথ্য জমা দিলে তার কোনও প্রাপ্তিস্বীকার দেওয়া হচ্ছে না। ভবিষ্যতে সেই তথ্য জমা দেওয়ার প্রমাণ কীভাবে দেখাবেন, তা নিয়েও সংশয় রয়েছে। সেই কারণেই তিনি পুলিশকে কোনও নথি দেননি।
অন্যদিকে, দায়িত্বপ্রাপ্ত এক সাব-ইনস্পেক্টরের দাবি, রাজ্য পুলিশের তরফে প্রত্যেক থানায় তথ্য সংগ্রহের নির্দেশ এসেছে। সেই নির্দেশ মেনেই কাজ করছেন তাঁরা। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় পাঠাতে বলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জগাছা থানার পুলিশ সূত্রের আরও দাবি, দু’দিন আগে রাজ্য পুলিশের তরফে থানাগুলিতে এই সংক্রান্ত নির্দেশ পৌঁছেছে। সেই নির্দেশের ভিত্তিতেই এলাকায় তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এক পুলিশ আধিকারিকের বক্তব্য, এসআইআরে যাঁদের নাম বিচারাধীন ছিল, তাঁদের তথ্যই সংগ্রহ করা হচ্ছে।
তবে এই প্রক্রিয়া নিয়ে নির্বাচন দপ্তরের অবস্থান কী, তা নিয়েও প্রশ্ন উঠেছে। জেলার মুখ্য নির্বাচন দপ্তরের এক ভারপ্রাপ্ত আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পুলিশ এ ভাবে তথ্য সংগ্রহ করছে বলে তাঁর কাছে কোনও খবর নেই। ফলে একদিকে পুলিশের নির্দেশের কথা বলা, অন্যদিকে নির্বাচন দপ্তরের আধিকারিকের বিষয়টি সম্পর্কে অজ্ঞতার দাবি— গোটা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদেরও নতুন করে ডেকে নথিপত্র চাওয়া হচ্ছে। এক প্রৌঢ়ের প্রশ্ন, আগের বার নির্বাচন কমিশনের নির্দেশে বিএলও-রা ভোটারদের নাম সংক্রান্ত কাজ করেছিলেন। তা হলে এ বার পুলিশকে কেন যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল? এই প্রক্রিয়ার আইনি ভিত্তি কী, সেটাও স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।
আর এক বাসিন্দা জানিয়েছেন, তিনি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্কের পাসবইয়ের ফটোকপি পুলিশের কাছে জমা দিয়েছেন। কিন্তু কোনও নথি জমা নেওয়ার রসিদ বা প্রাপ্তিস্বীকার পাননি। এই অভিযোগ সামনে আসার পর এলাকার অনেকেই নথি জমা না দিয়েই বাড়ি ফিরে গিয়েছেন।
উল্লেখ্য, সামনে পুরসভা নির্বাচন। তার আগে এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের আবেদন দ্রুত নিষ্পত্তির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে গত সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে দু’টি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ, কলকাতা হাই কোর্টের সঙ্গে আলোচনা করে রাজ্যে এসআইআর সংক্রান্ত ট্রাইবুনালের সংখ্যা বাড়াতে হবে।
পাশাপাশি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদনকে অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তি করতে হবে। এই আবেদনগুলির শুনানি শেষ করার পরেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে জমা পড়া আবেদনগুলির নিষ্পত্তি করা যাবে বলে জানিয়েছে আদালত।
এই আবহে উনসানিতে পুলিশের নতুন করে তথ্য সংগ্রহ ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। পুলিশের হাতে আসা নির্দেশের বিষয়বস্তু কী, তথ্য সংগ্রহের নির্দিষ্ট উদ্দেশ্য কী এবং সংগৃহীত নথি কোথায় পাঠানো হচ্ছে— তা প্রকাশ্যে আনার দাবি উঠছে স্থানীয়দের মধ্যে। প্রশাসনের তরফে স্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত এলাকার বাসিন্দাদের বিভ্রান্তি কাটার সম্ভাবনা কম।
