নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর— নার্সিংহোমের পাশের রাস্তায় পড়ে রয়েছে মৃত ভ্রূণ। সেটি মুখে নিয়ে টানাটানি করছে পথকুকুর। বুধবার সকালে এমনই দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই ওই নার্সিংহোমের সঙ্গে যুক্ত কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিকাঠামো ও বৈধ অনুমোদন রয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে খোঁজখবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নার্সিংহোমের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েক জন দেখতে পান, একটি পথকুকুর মুখে কিছু একটা নিয়ে টানাটানি করছে। কৌতূহলবশত কাছে যেতেই তাঁদের নজরে আসে, সেটি আসলে একটি মৃত ভ্রূণ। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কীভাবে ওই ভ্রূণ রাস্তায় এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। স্থানীয়দের একাংশের সন্দেহের আঙুল ওঠে পাশের নার্সিংহোমের দিকে। খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি নার্সিংহোমের সঙ্গে যুক্ত কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে ভ্রূণটি সেখানে এল এবং এর পিছনে কারও গাফিলতি বা অন্য কোনও ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনাটি সামনে আসার পর সংশ্লিষ্ট নার্সিংহোমের বৈধতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী জানিয়েছেন, ভ্রূণ উদ্ধারের খবর তাঁর কাছেও পৌঁছেছে। তবে ওই প্রতিষ্ঠানের অনুমোদন নেই বলেই তাঁর দাবি। তাঁর কথায়, সংশ্লিষ্ট জায়গায় নার্সিংহোমের বোর্ড থাকলেও সেটির সরকারি অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। বিষয়টি পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়েছে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও জানিয়েছেন, ওই প্রতিষ্ঠানের মালিকের চন্দ্রকোনায় অন্য একটি নার্সিংহোমও ছিল। সেখানে এক নাবালিকা প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকেই ওই নার্সিংহোম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ দিকে, রাজ্যে নাবালিকাদের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে পুলিশ ও প্রশাসনের তৎপরতার মধ্যেই এই ভ্রূণ উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। যদিও উদ্ধার হওয়া ভ্রূণের সঙ্গে নাবালিকা প্রসূতির কোনও ঘটনার যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।
কী পরিস্থিতিতে ভ্রূণটির মৃত্যু হয়েছে, কোথা থেকে সেটি এল এবং কোনও চিকিৎসাকেন্দ্রের সঙ্গে এর যোগ রয়েছে কি না, এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অন্যদিকে, সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
