সিডনি— আট বছর আগের কেপ টাউন টেস্টের বল বিকৃতি বিতর্ক নতুন করে মাথাচাড়া দিল অস্ট্রেলীয় ক্রিকেটে। প্রাক্তন সতীর্থ উসমান খোয়াজার আত্মজীবনীতে করা মন্তব্য ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে দাবি করলেও খোয়াজার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটতে চান না তিনি। বরং পুরনো বিতর্কে ইতি টেনে সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন কামিন্স।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনের নিউল্যান্ডস টেস্টে বল বিকৃতির ঘটনা বিশ্ব ক্রিকেটে তীব্র আলোড়ন ফেলেছিল। সেই ঘটনায় অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট শাস্তির মুখে পড়েন। ম্যাচ চলাকালীন ব্যানক্রফটকে শিরিষ কাগজ দিয়ে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে দেখা যায়। পরে তদন্তের ভিত্তিতে স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফটকে নির্বাসিত করা হয় ন’মাসের জন্য।
দীর্ঘ আট বছর পর সেই ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে উসমান খোয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশ্যে আসার পর। বইয়ে খোয়াজার দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের প্রত্যেকেই অবগত ছিলেন। শুধু ব্যাটার বা বোলাররাই নন, দলের অন্য সদস্যদেরও বিষয়টি অজানা ছিল না বলে দাবি করেছেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে অস্ট্রেলীয় দলের তৎকালীন ভূমিকা নিয়ে।

শুক্রবার সিডনিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোয়াজার বক্তব্যের কড়া জবাব দেন কামিন্স। অস্ট্রেলীয় অধিনায়কের দাবি, মাঠে শিরিষ কাগজ নিয়ে যাওয়ার বিষয়টি তাঁর জানা ছিল না। আট বছর ধরে তিনি একই কথা বলে আসছেন বলেও জানান। কামিন্সের বক্তব্য, দলের প্রত্যেকেই বিষয়টি জানতেন বলে খোয়াজা যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
শুধু তাই নয়, তাঁর এবং দলের কয়েক জন সদস্যের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে বল বিকৃতির অভিযোগও উড়িয়ে দিয়েছেন কামিন্স। তাঁর দাবি, বেআইনি কোনও পদ্ধতি ব্যবহার করার জন্য আগে থেকে কোনও পরিকল্পনা করা হয়নি। এমনকী, এই বিষয়ে দলের মধ্যে কোনও বৈঠকও হয়নি। তাঁর মতে, খোয়াজার বক্তব্যের এই অংশের কোনও বাস্তব ভিত্তি নেই।
খোয়াজার বিরুদ্ধে মানহানির মামলা করার সম্ভাবনা নিয়েও মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্স জানিয়েছেন, আইনজীবীদের সঙ্গে আলোচনা করে তিনি জানতে পেরেছেন, আত্মজীবনীর কয়েকটি মন্তব্য মানহানিকর বলে বিবেচিত হতে পারে। তবে আদালতের দ্বারস্থ হওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। আট বছর আগের ঘটনা নিয়ে আর বিতর্ক বাড়াতে চান না তিনি।
কামিন্সের কথায়, ‘এই সপ্তাহে আমাকে পরামর্শ দেওয়া হয়েছে যে, কিছু মন্তব্য সম্ভবত মানহানিকর। কিন্তু আমি আইনি পথে হাঁটতে চাই না। আট বছর কেটে গিয়েছে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। একটা সময়ে এই বিতর্কের ইতি টানতেই হবে।’
খোয়াজার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গেও নিজের অসন্তোষ গোপন করেননি কামিন্স। তাঁর বক্তব্য, খোয়াজা তাঁর বন্ধু হলেও বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একে অপরের জীবন ও সম্মান নিয়ে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। আত্মজীবনীতে তাঁর পাশাপাশি আরও কয়েক জনের ব্যক্তিগত জীবন এবং অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি নিয়েও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ কামিন্সের।

তবে খোয়াজার সঙ্গে ব্যক্তিগত কথোপকথন নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। কামিন্সের ধারণা, আট বছর আগের ঘটনাটি খোয়াজার মনে দীর্ঘদিন ধরেই জমে ছিল। সে সময় ড্রেসিংরুমের অন্য সদস্যদের তুলনায় খোয়াজা হয়তো বেশি কিছু জানতেন বলেও ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক।
এদিকে, খোয়াজার মন্তব্যের পর ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠলেও ক্রিকেট অস্ট্রেলিয়া আপাতত তেমন কোনও পদক্ষেপের পথে হাঁটছে না। ফলে পুরনো ঘটনা আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। কামিন্স অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, অতীতের এই বিতর্কে আর জড়িয়ে থাকতে চান না তিনি। তাঁর লক্ষ্য, আট বছর আগের অধ্যায় বন্ধ করে অস্ট্রেলীয় ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
