কলকাতা — পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডের মঞ্চে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলাদা করে কোনও রাজনৈতিক ভাষণ না দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশে হাঁটু গেড়ে মাথা নত করে প্রণাম জানালেন তিনি। সেই মুহূর্তের ভিডিয়ো পরে নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকেও পোস্ট করেন প্রধানমন্ত্রী।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী। মঞ্চে উঠে প্রথমেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। হাতজোড় করে কবিগুরুকে প্রণামও করেন প্রধানমন্ত্রী। এদিন ছিল ২৫ বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই কারণেই এই দিনটিকে শপথগ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছে।
এর পর মঞ্চের মাঝখানে গিয়ে উপস্থিত জনতার দিকে মুখ করে হাঁটু মুড়ে বসে পড়েন মোদী। তারপর মাথা নত করে মঞ্চে প্রণাম জানান। গোটা ব্রিগেড তখন করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।
পরে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি পশ্চিমবঙ্গের জনশক্তির কাছে মাথা নত করছি।’
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলার সাংস্কৃতিক আবেগ এবং রাজনৈতিক বার্তা— দুই দিক থেকেই এই প্রণাম যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠনের আবহে মোদীর এই পদক্ষেপকে প্রতীকী গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব।
শনিবার সকালেই কলকাতা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে রেসকোর্সে এসে গাড়িতে ব্রিগেডে যান তিনি। পরে হুডখোলা গাড়িতে মঞ্চে পৌঁছন মোদী। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, স্মৃতি ইরানি-সহ বিজেপি এবং এনডিএ নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ মুখ।
