30.2 C
Kolkata
June 28, 2026
বিদেশ

‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ সম্মান জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইরত দেশগুলিকে উৎসর্গ করলেন মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন— সেশেলসের (Seychelles) সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ (Guardian of the Blue Horizon) গ্রহণ করে তা জলবায়ু পরিবর্তনের (Climate Change) বিরুদ্ধে লড়াইরত বিশ্বের সমস্ত দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, পরিবেশ রক্ষা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সকলের দায়িত্ব।

সেশেলস সরকার এবং প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনিকে (Patrick Herminie) ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, এই সম্মান তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন। তবে তিনি এটি সেই সব দেশকে উৎসর্গ করছেন, যারা জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে নিরন্তর কাজ করছে।

মোদী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। ভারত পরিবেশবান্ধব উন্নয়ন এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘মিশন লাইফ’ (Mission LiFE), আন্তর্জাতিক সৌর জোট (International Solar Alliance) এবং দুর্যোগ সহনশীল পরিকাঠামো গঠনের আন্তর্জাতিক উদ্যোগের মতো একাধিক কর্মসূচির মাধ্যমে ভারত পরিবেশ সংরক্ষণে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সেশেলসে রয়েছেন প্রধানমন্ত্রী। সফরের সময় তিনি সেশেলস উপকূলরক্ষী বাহিনীর হাতে ভারতে নির্মিত দ্রুতগতির টহলদারি জাহাজ ‘পিএস লেসপওয়ার’ তুলে দেন। পাশাপাশি ছয়টি অ্যাম্বুল্যান্স, ১০টি পরিষেবা যান এবং পাঁচটি লেজার নৌকাও উপহার দেন।

এছাড়া প্রেসিডেন্ট হারমিনির সঙ্গে বৈঠক, জাতীয় উদ্ভিদ উদ্যানে ‘কোকো দে মের’ গাছের চারা রোপণ এবং সেশেলসের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনেও অংশ নেন প্রধানমন্ত্রী।

Related posts

Leave a Comment