ম্যানিলা, ২৮ জুন: ভুটানের (Bhutan) নগর পরিকাঠামো উন্নয়ন এবং নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন (Affordable Housing) গড়ে তুলতে ১ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলারের আর্থিক প্যাকেজ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (Asian Development Bank)। এই প্যাকেজে রয়েছে ৫০ লক্ষ মার্কিন ডলারের স্বল্পসুদের ঋণ এবং ৮০ লক্ষ মার্কিন ডলারের অনুদান।
এশীয় উন্নয়ন ব্যাঙ্ক জানিয়েছে, ভুটানে দ্রুত নগরায়ণের ফলে পরিকাঠামোর উপর চাপ বেড়েছে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি এখনও বন্যা, ভূমিধস এবং নিম্নমানের আবাসনের ঝুঁকিতে রয়েছে। নতুন প্রকল্পের মাধ্যমে এই সমস্যাগুলি মোকাবিলার পাশাপাশি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল শহর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় ফুন্টশোলিং (Phuentsholing) শহরের আমোচু এলাকায় নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, পয়োনিষ্কাশন, রাস্তা, পথচারী চলাচলের পথ এবং বন্যা প্রতিরোধ ব্যবস্থা উন্নত করা হবে। পাশাপাশি নিম্ন আয়ের এবং ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য নতুন ভাড়ার আবাসনও নির্মাণ করা হবে।
ভুটানে এশীয় উন্নয়ন ব্যাঙ্কের অধিকর্তা সোনোমি তানাকা (Sonomi Tanaka) বলেন, দ্রুত বাড়তে থাকা শহরগুলিকে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতেই এই প্রকল্প। তাঁর মতে, উন্নত নগর পরিকল্পনা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি নতুন অর্থনৈতিক সুযোগও তৈরি করবে।
প্রকল্পে মহিলাদের ক্ষমতায়নের উপরও জোর দেওয়া হয়েছে। নগর উন্নয়ন কাজে মহিলাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি নির্মিত সাশ্রয়ী আবাসনের অন্তত ৩০ শতাংশ মহিলা-প্রধান পরিবারগুলিকে বরাদ্দ করা হবে।
