27.2 C
Kolkata
July 29, 2026
রাজ্য

ত্রাণ সামগ্রী মজুতের অভিযোগে মুকুটমণি অধিকারীর তিনটি ফ্ল্যাট সিল

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা, কল্যাণী, ১৪ জুন: নদিয়ার কল্যাণীর বি ব্লকের ২ নম্বর বাজার এলাকায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক মুকুটমণি অধিকারীকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তাঁর ব্যবহৃত তিনটি ফ্ল্যাটে সরকারি ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিজেপি কর্মী-সমর্থকরা ওই ফ্ল্যাটগুলির সামনে বিক্ষোভ দেখান এবং তদন্তের দাবি তোলেন।

পরিস্থিতির খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই সংশ্লিষ্ট তিনটি ফ্ল্যাট সিল করে দেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।

বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি সব্যসাচী মুখার্জী দাবি করেন, মুকুটমণি অধিকারীর ব্যবহৃত ফ্ল্যাটগুলিতে সরকারি ত্রাণসামগ্রী মজুত রয়েছে। তাঁর অভিযোগ, বিষয়টি সামনে আসতেই প্রাক্তন বিধায়ক এলাকা ছেড়ে পালিয়েছেন। বিজেপির অভিযোগের পর পুলিশ পদক্ষেপ করতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জের বাসিন্দা চিকিৎসক মুকুটমণি অধিকারী গত প্রায় দু’বছর ধরে কল্যাণীর বি ব্লকের একটি আবাসনের তিনটি ফ্ল্যাট ব্যবহার করছিলেন। শনিবার রাতে ওই আবাসনের সামনে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় জমে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ফ্ল্যাটগুলিতে সত্যিই সরকারি ত্রাণসামগ্রী মজুত ছিল কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে প্রশাসনিক সূত্রের খবর।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। পরে তিনি দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরবর্তীতে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন।

Related posts

Leave a Comment